ঈদের ছুটি বৃদ্ধি ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
ঈদের ছুটি বৃদ্ধি, কর্মকর্তাদের অশালীন আচরণের প্রতিবাদ এবং বিভিন্ন দাবিতে সকালে মানিকগঞ্জের সদর উপজেলার গিলন্ড এলাকার মুন্নু অ্যাটায়ার লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকেরা কারখানার সামনে ঘণ্টাব্যাপী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এই কারখানাটির মালিক মানিকগঞ্জের সাবেক সাংসদ হারুন-অর-রশীদ খান মুন্নু।পরে পুলিশকে সঙ্গে নিয়ে শ্রমিক-মালিক সমঝোতা বৈঠক হয়। সেখানে মালিকপক্ষ আজ থেকে সাত দিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে। তবে এ সময় শ্রমিকেরা চাইলে কাজ করতে পারেন।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বিভিন্ন দাবিতে আজ বুধবার সকাল পৌনে নয়টা থেকে ১০টা পর্যন্ত শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দাবি পূরণ করার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে ৮-১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এদিকে সাভারের আশুলিয়া থানার কাঠগড়া এলাকায় সোয়েটার ইন নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সোয়েটারপ্রতি পারিশ্রমিক বৃদ্ধি এবং কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেন। পরে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতার মাধ্যমে আগের দামেই শ্রমিকদের বেতন দেওয়া হয় এবং বর্ধিত বেতন ঈদের পরে দেওয়া হবে বলে জানানো হয়।গতকাল মঙ্গলবার শ্রমিকদের বেতন দেওয়ার সময় তাঁরা সোয়েটারপ্রতি পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানান। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি না মানায় শ্রমিকেরা গতকাল বেতন না নিয়েই বাড়ি চলে যান। আজ সকালে তাঁরা কারখানার মূল ফটকে তালা দেখে বিক্ষোভ শুরু করেন। আশুলিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।