ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না শাকিলের
ঈদের ছুটিতে বাড়ি যাওয়া হলো না তাঁর। ইচ্ছে ছিল, সিলেট থেকে আগে ঢাকায় আপার বাসায় যাবেন। পরে বাড়ি যাবেন সবার সঙ্গে ঈদ করার জন্য। এরপর সবাই মিলে বনভোজনে কক্সবাজারে যাবেন। কিন্তু সে ইচ্ছে পূরণ হলো না। সিলেট-ঢাকা মহাসড়কে বেপরোয়া ট্রাক কেড়ে নিল সিলেট ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রের প্রাণ। তাঁর নাম আশরাফুল ইমাম ভূঁইয়া শাকিল (২৩)। গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মজলিশপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাইওয়ে পুলিশ সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুরে গতকাল সকাল সাড়ে নয়টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পেঁয়াজবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিলেট ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র শাকিল। শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শাহিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বাস ও ট্রাক দুটিই বেপরোয়া গতিতে চলছিল। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় বাসকে। গাড়ি দুটির চালককে পাওয়া যায়নি। দুটি গাড়ি জব্দ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ব্রাহ্মণবাড়িয়ার আবু মহসিন শাকিলের সঙ্গে লেখাপড়া করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজে। তিনি বলেন, গতকাল সেহিরর সময় তাঁর সহপাঠী শাকিল তাঁকে বলেছিলেন, ‘আমি ঈদের ছুটিতে বাড়ি চলে যাচ্ছি। প্রথমে ঢাকায় আপুর বাসায় যাব, সেখান থেকে বাড়ি গিয়ে ঈদ করব। এরপর সবাই মিলে বনভোজনে কক্সবাজারে যাব...।’ মহসিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, শাকিলের আর বাড়ি গিয়ে ঈদ করা হলো না। সহপাঠী সূত্রে জানা গেছে, শাকিলের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। এক ভাই ও এক বোনের পরিবার। বাবা আলী ইমাম ভূঁইয়া সোনালী ব্যাংকে চাকরি করেন। মোশাররফ নামের শাকিলের অপর একজন সহপাঠী বলেন, ‘মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর ঘটনার পর শাকিলও যানবাহনে চলাচলে সতর্ক থাকার কথা বলে বেড়াতেন সবাইকে। অথচ সেই সতর্কতা তাঁর জীবনে কাজে লাগল না।’ শাকিল সন্ধানী সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্বেচ্ছাসেবী এই সংগঠনের সূত্রে মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী মহলে তাঁর অন্য রকম পরিচিতি ছিল। দুর্ঘটনার খবর শুনে সিলেট ওসমানী মেডিকেল কলেজে শোকের ছায়া নেমে এসেছে।