ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বছর কর্মব্যস্ততার কারণে যাঁরা সময় পান না, তাঁরা ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হন। তাই ঈদের দিন থেকেই নগরের বিনোদনকেন্দ্রগুলোয় ভিড় দেখা যায়। ঈদের আগে নতুন করে প্রস্তুত হয়ে উঠে বিনোদনকেন্দ্রগুলো। তাদের এবারের প্রস্তুতি নিয়ে এই আয়োজন।লিখেছেন আজহার হোসেন ও তানজিল আহমদ।ঢাকা চিড়িয়াখানাআর কিছু না হলেও বাঁদরের বাঁদরামি দেখতে শিশুদের উৎসাহের কমতি নেই। তাই তারা প্রায়ই ঢাকা চিড়িয়াখানায় যাওয়ার বায়না ধরে। তবে ঈদের ছুটিতে কিন্তু ছেলে-বুড়ো সবাই চিড়িয়াখানার দিকে ছোটে। তখন তো উপচে পড়া ভিড় সামলাতে হয় কর্তৃপক্ষকে। আসছে ঈদে দর্শকের ভিড় সামলাতে আগেই প্রস্তুত হচ্ছে তারা।ঢাকা চিড়িয়াখানার তথ্যমতে, ঈদের দিন চিড়িয়াখানায় আসা দর্শকের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। আর ঈদের পরের কয়েকটা দিন তা দেড় লাখ পেরিয়ে যায়। এ সময় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। আবার এত লোকের সমাগমে চিড়িয়াখানার প্রাণীদেরও নিরাপত্তার ব্যাপার রয়েছে। ঈদকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এ বি এম শহীদ উল্লাহ। তিনি বলেন, ‘চিড়িয়াখানার ভেতর যেন কোনো বিশৃঙ্খলা না হয়, ছিনতাইকারী-মলমপার্টিদের প্রতিরোধ করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।’তিনি জানান, ঢাকা চিড়িয়াখানায় দায়িত্বরত কোনো কর্মকর্তা-কর্মচারীর বিশেষ কারণ ছাড়া ছুটি নেই। এখানে বিভিন্ন কাজ করতে হবে। এ ছাড়া ৩০ জন আনসার ও ৫০ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবে। দর্শনার্থীদের সুবিধার জন্য তথ্যকেন্দ্র থাকবে। থাকবে একটি স্বেচ্ছাসেবী দল। এর পাশাপাশি র‌্যাব ও শাহআলী থানার পুলিশ সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। খাওয়ার পানির পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। প্রবেশ-ফটক বাড়ানো হবে।এ বি এম শহীদ উল্লাহ দর্শনার্থীদের প্রতি অনুরোধ করেন, তারা যাতে ডাস্টবিন ছাড়া যেখানে-সেখানে খাবারের উচ্ছিষ্ট না ফেলে, শৌচাগার ছাড়া অন্যত্র প্রাকৃতিক কাজ না সারে, চিড়িয়াখানার প্রাণীদের খাবার না দেয়, ঢিল না ছোড়ে এবং গাছের ফুল ও পাতা না ছেঁড়ে।শহীদ জিয়া শিশুপার্কশাহবাগের শহীদ জিয়া শিশুপার্কটি শিশুদের কাছে এক টুকরো স্বর্গ। শহুরে শিশুরা ঈদের ছুটিতে শিশুপার্কে যেতে চায় সবার আগে। ফলে ঈদের ছুটিতে শিশুপার্কে বাড়বে শিশু আর বড়দের চাপ। সেই চাপ সামলে নিতে কর্তৃপক্ষও প্রস্তুত। নিরাপত্তারক্ষী আর পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। ঈদের দুই দিন আগে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে সব রাইড সচল আছে কি না। আবার ত্রুটিপূর্ণ রাইডগুলো মেরামত করা হবে।জাতীয় উদ্ভিদ উদ্যানএকটু খোলা হাওয়া আর প্রকৃতির সান্নিধ্য পেতে নগরের মানুষ দৌড়ায় জাতীয় উদ্ভিদ উদ্যানে। বিশাল আয়তনের এই উদ্যানে কিছু দিন আগেও হকারদের অত্যাচারে দর্শনার্থীদের নাজেহাল হতে হতো। কিন্তু হকার উচ্ছেদে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখন ভেতরে কোনো হকার নেই বলে দাবি করলেন জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক রুহুল আমিন। তবে ভেতরে এখনো হকার দেখা গেছে, যারা বিভিন্নভাবে দর্শনার্থীদের উত্ত্যক্ত করে থাকে। এ প্রসঙ্গে রুহুল আমিন বলেন, ‘উদ্যান এখন হকারমুক্ত। দু-একজন থাকলেও এরা উদ্যানের ভাঙা প্রাচীর টপকে ভেতরে ঢোকে। আমরা এদের উচ্ছেদে বদ্ধপরিকর।’উদ্যানের ভেতর হকার কমলেও ছিনতাইয়ের ভয় কমেনি। ঈদের সময় এই ভয় আরও জোরালো হয়। জানা যায়, জাতীয় উদ্ভিদ উদ্যানের কোনো নিরাপত্তাকর্মী কিংবা কোনো আনসার নেই, যারা উদ্যানে ঘুরতে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। এতে নিরাপদে প্রকৃতি দেখা কতটুকু সম্ভব হবে, প্রশ্ন থেকে যায়। তবে উদ্যানের পক্ষ থেকে নিরাপত্তার জন্য পুলিশ টহল দিতে নিয়মিত থানায় চিঠি দেওয়া হয়। ঈদের সময় পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরাও দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।আহসান মঞ্জিল জাদুঘরঈদ সামনে রেখে প্রস্তুতির শেষ নেই আহসান মঞ্জিল জাদুঘরে। বিভিন্ন সময় দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া সমস্যা ও সংকটগুলোকে শুধরে নিতে চাইছে কর্তৃপক্ষ। এ ছাড়া পরিচ্ছন্নতার জন্য থাকবে বাড়তি কর্মী। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ছে নিরাপত্তাকর্মীর সংখ্যাও। ফলে এবার দর্শনার্থীরা আরও ভালো সেবা পাবেন বলে মনে করেন আহসান মঞ্জিল জাদুঘরের উপ-কিপার মো. আলমগীর।লালবাগ কেল্লাঈদে দর্শনার্থীদের চাপ একটু বেশি থাকে। আবার ঈদের প্রস্তুতির জন্যও লোকবল দরকার। তাই ঈদের আগের সপ্তাহ থেকেই লালবাগ কেল্লার আয়োজন শুরু হয়ে গেছে। এখানকার মালীরা বাগান পরিচর্যা শুরু করেছেন। আবার ফোয়ারায় পানি ছড়ানোর মোটর আর রঙিন বাতি ঠিকঠাক রয়েছে কি না, সেটাও দেখা হচ্ছে। এদিকে বিক্রয়কেন্দ্রে বাড়তি পুস্তিকা, পোস্টকার্ড আর স্যুভেনির আনা হয়েছে। দর্শনার্থীরা এসব কিনতে পারবে বিক্রয়কেন্দ্র থেকে। সব দিক মিলিয়ে লালবাগ কেল্লার প্রস্তুতি এখন তুঙ্গে বলে জানান এখানকার কাস্টডিয়াল নাসিমা শাহীন।জাতীয় জাদুঘরপুরোনো জিনিসপত্রের ভেতর আনন্দ খুঁজে নিতে জাদুঘরের বিকল্প নেই। জাদুঘরের প্রতিটি কক্ষে পরতে পরতে লুকিয়ে আছে অজানা নানা স্মৃতি। নগরবাসী চাইলে ঘুরে আসতে পারেন শাহবাগের জাতীয় জাদুঘর থেকে। জাতীয় জাদুঘরের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। আর শুক্রবার খোলা থাকে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। বাকি দিনগুলোয় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। ঈদের ছুটিতে জাদুঘর খোলা থাকবে কি না, এ বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।নন্দন পার্কআর যাঁরা একটু বাড়তি বিনোদন পেতে চান, তাঁরা যেতে পারেন আশুলিয়ার নন্দন পার্কে। এখানে অন্য সময়ের থেকে ঈদে ভিড়টা বেশিই হয়। আর এতে দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টিও জোরদার করা হয়। নন্দনের নিরাপত্তাকর্মী ছাড়াও আনসার, র‌্যাব, পুলিশের সদস্যরা থাকবেন বলে জানান নন্দন পার্কের ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) জোবায়েদ আল হাফিজ। তিনি আরও জানান, বর্তমানে মোট ৩২টি রাইড চালু আছে। ঈদের সময় সন্ধ্যার পর জনপ্রিয় বাংলা গান নিয়ে ড্যান্সিংয়ের আয়োজন করা হয়। এ ছাড়া ১১ নভেম্বর ঈদ উপলক্ষে একটি কনসার্ট রয়েছে। পার্কের দর্শনার্থীদের জন্য তা উন্মুক্ত। আবার ওয়াটার পার্কের দর্শনার্থীরা পাচ্ছেন ডিজের তালে তালে ভেজার সুযোগ। এখানে ঈদের পরের তিন দিন থাকছে ডিজে পার্টি। বাচ্চাদের বাড়তি আনন্দ দিতে রয়েছে কিডস ড্রিম ওয়ার্ল্ড।ফ্যান্টাসি কিংডম ও হেরিটেজ পার্কআনন্দের যেন কোনো কমতি না হয়, সে জন্য ঈদের সময় ফ্যান্টাসি কিংডম করে থাকে নানা আয়োজন। রয়েছে মজার মজার সব রাইড। উত্তেজনাপূর্ণ কয়েকটি রাইডে উঠলেই বুক ধড়ফড় করে। তার পরও উঠতে বাদ যায় না কেউ। ঈদের আনন্দ বাড়াতে রয়েছে কনসার্ট। এখানে যারা বিনোদনের খোঁজে আসে, তারা ওয়াটার কিংডমে ভিজতে বাদ যায় না। আর তাদের জন্য ওয়াটার কিংডমে ঈদ-পরবর্তী ১০ দিন থাকছে ডিজে শো। আর দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান ফ্যান্টাসি কিংডমের মিডিয়া ম্যানেজার এম মাহফুজুর রহমান।ফ্যান্টাসি কিংডমের পাশেই রয়েছে হেরিটেজ পার্ক। এখানে জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল, জাতীয় স্মৃতিসৌধ, পাহাড়পুর বিহারসহ দেশের অনেক ঐতিহ্যবাহী স্থাপনার নমুনা রয়েছে। ঈদের সময় ফ্যান্টাসি কিংডম ও ওয়াটার কিংডম দুটিতে আলাদা আলাদা বিনোদনের ব্যবস্থা করা হয়।