ঈদের ছুটিতে রাজধানীতে দুই শিশুসহ চার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে রাজধানীতে দুই শিশুসহ চারজন খুন হয়েছে। গত সোমবার পুলিশ এদের লাশ উদ্ধার করে।লালবাগ থানার কামরাঙ্গীরচরে শান্তা বেগম (২৪) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়। সবুজবাগে বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাত পরিচয় তরুণীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। খিলক্ষেত থানা এলাকায় এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। খিলগাঁওয়ে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার হয়েছে। রিকশা চুরির অভিযোগে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।তরুণীর বস্তাবন্দী লাশ: সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার পাল জানান, ঈদের দিন সকাল সাড়ে ১১টার দিকে কমলাপুর ফুটওভারব্রিজের দক্ষিণ পাশের নর্দমায় একটি পলিথিনের বস্তায় ওই তরুণীর মস্তকবিহীন দেহ পাওয়া যায়। এরপর একটি ম্যানহোলের ভেতরে পাওয়া যায় খণ্ডিত মাথা। তরুণীর দুই হাত দুই পায়ের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল। পরনে ছিল লাল রঙের সালোয়ার, পায়ে ছিল আলতা।রিকশা চুরির জন্য শিশু হত্যা: এদিকে খিলগাঁওয়ে হূদয় (৬) নামের এক শিশু নিখোঁজ হওয়ার তিন দিন পর সোমবার তার ভাসমান লাশ পাওয়া গেছে। হূদয়ের বাবা মামীরুল হোসেন পেশায় রিকশাচালক। মামীরুল বলেন, খিলগাঁও থানাধীন উত্তর গোড়ানে ভাড়া বাসায় তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন। ৪ নভেম্বর রাত ১১টার দিকে তিনি বাসার গলির মুখে রিকশা রেখে বাসায় ঢোকেন। হূদয়কে তিনি রিকশায় বসিয়ে রেখে যান। একটু পরে ফিরে তিনি দেখেন রিকশাও নেই, হূদয়ও নেই। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি হূদয়কে। এরপর সোমবার গোড়ানের আদর্শবাগ ঝিল থেকে হূদয়ের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। খিলগাঁও থানার উপপরিদর্শক আসলাম মিয়া বলেন, রিকশা চুরির জন্যই দুর্বৃত্তরা হূদয়কে ধরে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ পানিতে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে।লালবাগে গৃহবধূ হত্যা: পুলিশ জানিয়েছে, গত সোমবার কামরাঙ্গীরচরে গৃহবধূ শান্তা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। হত্যায় জড়িত সন্দেহে নিহতের স্বামী রিকশাচালক মো. স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালবাগ থানা পুলিশ জানায়, সোমবার রাতে কামরাঙ্গীরচর বেড়িবাঁধে শান্তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। কামরাঙ্গীরচরের বড়গ্রাম কুমারঘাট এলাকার হাবু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন শান্তা। এ ঘটনায় নিহত শান্তার বাবা মোহাম্মদ খোকন লালবাগ থানায় নিহতের স্বামী স্বপনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।