এনটিভিতে শুরু হলো ধারাবাহিক নাটক রূপকথা। লিখেছেন ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। এখানে অভিনয় করছেন সালাহ্উদ্দিন লাভলু। কথা হলো তাঁর সঙ্গে।অনেক দিন পর অভিনয় করছেন?তা প্রায় বছর খানেক তো হবেই। সর্বশেষ অভিনয় করেছিলাম গত বছর ঈদে। আরটিভিতে দেখানো হয়েছিল, মোহর শেখ। নাটক পরিচালনা করার জন্য আমি প্রচুর চিত্রনাট্য পড়ি, সেদিক থেকে অরণ্যর চিত্রনাট্যটা অন্য রকম মনে হয়েছে। গল্পটা খুব বেশি সমসাময়িক। আমি তো পরিচালনার কাজটাই বেশি করি, অভিনয় সে রকম করা হয় না। কিন্তু এবার রাজি হয়ে গেলাম। নাটকে আপনি তো আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। কেমন লাগছে?চরিত্রটি পাওয়ার পর আমি এর গেটআপ-মেকআপ ঠিক করেছিলাম—মুখে খোঁচা খোঁচা দাড়ি থাকবে, খুব বেশি পান খাবে। কিন্তু শুটিং করার আগে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা হলো। ডাক্তারের কাছে গেলাম। পরিকল্পনা মতো কিছুই করা হলো না। ওটা সম্ভব হলে কাজটা আরও সুন্দর হতে পারত।প্রতি ঈদেই তো আপনি কয়েকটি নাটক করেন। এবার কী ভাবছেন?এবারও করছি। ছয় পর্বের দুটি নাটক করছি—আরটিভির জন্য বৃন্দাবন দাসের লেখা কথা দিলেন তো আর বাংলাভিশনের জন্য মাসুম রেজার লেখা হিরো। এ ছাড়া চ্যানেল আই, এটিএন বাংলা, এনটিভি ও বৈশাখী টিভির জন্য নাটক ও টেলিছবি করছি।এগুলোর মধ্যে কোন নাটকটি আপনার কাছে খুব ভালো লাগছে?বৃন্দাবন দাসের লেখা খুব ভালো লাগে। তাঁর লেখায় সামাজিক ও রাজনৈতিক কিছু বক্তব্য থাকে। সেদিক থেকে লেখা কথা দিলেন তো একেবারেই অন্য রকম নাটক হবে। দর্শক একদিকে যেমন আনন্দ পাবে, অন্যদিকে তাদের মনের মধ্যে কিছু প্রশ্ন তৈরি হবে।এবার আপনার নতুন চলচ্চিত্রের খবর বলুন।এ বছরই ওয়ারিশ ছবির কাজ শুরু করার কথা ছিল। হয়তো তা আর সম্ভব হচ্ছে না। ছবিতে এমন কিছু দৃশ্য আছে, যা বাদ দেওয়ার কোনো উপায় নেই। আবার তা করতে গেলে যে ধরনের কারিগরি সুবিধা থাকা দরকার, সেটা এখানে নেই। বাইরে থেকে আনতে গেলে ছবির বাজেট অনেক বেড়ে যাবে। এসব কারণেই আপাতত ওয়ারিশ ছবির কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। বিনোদন প্রতিবেদক