ঈদের টিকিট কালোবাজারি রোধে রোববার থেকে অভিযান
ঈদকে কেন্দ্র করে বাস ও রেলের অগ্রিম টিকিট কালোবাজারি রোধে আগামী রোববার থেকে রাজধানীর কাউন্টারগুলোয় অভিযানে নামছে ভিজিল্যান্স টিম। এ টিমের নেতৃত্ব দেবেন যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন-৩) আজহারুল ইসলাম খান। এ সময় কারও বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া গেলে তাঁকে কালোবাজারি আইনে শাস্তি দেওয়া হবে।আজ বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক বৈঠকে এ অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে টিকিট কাউন্টারগুলোয় সার্বক্ষণিক আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।জানা গেছে, কালোবাজারির অভিযোগ প্রমাণিত হলে আইনে ৫০০ থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা জরিমানা ও ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া আছে।প্রসঙ্গত, গতকাল বুধবার সারা দেশে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ৩১ আগস্ট শুরু হবে রেলের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম।