ঈদের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিশানায় পানীয়১০ টাকায় মেলে তিনটি টেনিস বল। সেই বল তিনটি ছুড়তে হবে হাত দশেক দূর থেকে। সামনেই ইটের ওপর রাখা তিনটি এনার্জি ড্রিংকসের বোতল। যে বল ছুড়ে বোতল তিনটি একসঙ্গে মাটিতে ফেলতে পারবে, তার কপালে জুটবে একটি এনার্জি ড্রিংকস। ঈদের দ্বিতীয় দিন এই খেলার আসর বসেছিল সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে ১০-১২টি জায়গায় এই আয়োজন দেখা গেল। অনেকেই বল দিয়ে হাতের নিশানা পরীক্ষা করে নিচ্ছিলেন। তাঁদের ঘিরে দাঁড়িয়ে ছিলেন দর্শকেরা। —আসাদুজ্জামানপথে গানের আয়োজনঈদের আনন্দ একেক জনের কাছে একেক রকম। নগরের তরুণেরা বুঝি গান-বাজনাতেই বেশি আনন্দ খোঁজে। নগরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, চাঁদরাত থেকেই খোলা আকাশের নিচে, বাড়ির ছাদে কিংবা সড়কের এক পাশে শামিয়ানা টাঙিয়ে নাচ-গানের মজমা মিলেছে। কোথাও কোথাও ডিজে পার্টি হচ্ছে। নগরের পুরান ঢাকাতেই গানপাগলদের বেশি দেখা মেলে। নাসির উদ্দিন সরদার লেন, ধোলাইখালের ফুটপাতে একটু পরপরই নাচ-গানের একাধিক আসর বসেছে। গানের উচ্চ স্বরে কানে তালা লাগানোর জোগাড়। ধোলাইখালের এমনই এক গানের আসরের মধ্যমণি রফিক জানান, প্রতিবছরই তাঁদের বন্ধুরা মিলে চাঁদরাত থেকেই নাচ-গানের আসর বসান। গান-বাজনা চলবে টানা চার দিন। এসব পার্টি দুপুরে শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়। বেশির ভাগ তরুণেরই অভিমত, গান-বাজনা ছাড়া নাকি ঈদ জমেই না।—ঢাকায় থাকি প্রতিবেদকপথশিশুদের পাশে ‘পরার্থ’ঈদে শিশুদের আনন্দই সবচেয়ে বেশি। নতুন পোশাক, মজার খাবার আর ঈদের সালামি নিয়ে মেতে থাকে তারা। পথশিশুদের কি এসব জোটে? তবে ঈদের দিন দেখা গেল, একদল তরুণ শাহবাগ, নিমতলী ও হাইকোর্ট এলাকায় পথশিশুদের মধ্যে খাবার আর নতুন পোশাক বিলি করছেন। রাস্তায় খালি গায়ের কোনো শিশু দেখলেই তারা সঙ্গে সঙ্গে পোশাক পরিয়ে দিচ্ছিলেন। হাতে ধরিয়ে দিচ্ছিলেন একটা বিরিয়ানির প্যাকেট আর এক বোতল কোমল পানীয়। তরুণেরা রিকশাভ্যানে করে টি-শার্ট, হাফ প্যান্ট, বিরিয়ানির প্যাকেট ও কোমল পানীয় নিয়ে ঘুরছিলেন। তাঁরা মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সমমনা বন্ধুরা মিলে গড়ে তুলেছেন ‘পরার্থ’ নামের সংগঠনটি। এই সংগঠনের প্রধান ও ইউডার ফাইন আর্টের শিক্ষার্থী আফছানা খান বলেন, ‘ঈদের দিনটাকে আমরা একটা ভালো কাজে লাগাতে চেয়েছিলাম। চিন্তা করে দেখলাম, পথশিশুদের জন্য কিছু করাই সবচেয়ে ভালো কাজ। এভাবেই উদ্যোগটা শুরু হয়। এতে অনেকেই আমাদের সহায়তা করেছে।’—ইমরান উজ-জামানআপ্যায়নে মাঠাপুরান ঢাকার বেগমবাজারের গোলাম মোস্তফা লেনে ঈদের দিনে ছিল অন্য রকম এক আয়োজন। ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের স্থানীয় তরুণেরা আপ্যায়ন করেন একটি খেজুর আর এক গ্লাস মাঠা দিয়ে। সবাই নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে সারি ধরে খেজুর আর মাঠা নিচ্ছিলেন। একটি টেবিলে সাজানো ছিল খেজুর। আর পাশেই বড় একটি হাঁড়িতে রাখা ছিল মাঠা। সবাই কোলাকুলি শেষ করে সারি ধরে এগিয়ে যান। নামাজ শেষে খেজুর আর মাঠা খেয়ে শুরু হয় তাঁদের ঈদের দিন। আয়োজকেরা জানান, পাঁচ বছর ধরে ঈদের দিন তাঁরা মুসল্লিদের এভাবে আপ্যায়ন করছেন। তাঁদের দেখাদেখি পাশের মহল্লাগুলোয়ও এ রকম আয়োজন করা হচ্ছে।—মাহমুদ উল্লাহথানায় থানায় ‘ঈদ মোবারক’পুলিশকে বলা হয় জনগণের বন্ধু। বন্ধুকে ঈদের শুভেচ্ছা না জানালে হয়? আর তাই তো জনগণকে ঈদের শুভেচ্ছা জানাতে নগরের থানাগুলোর সামনে ব্যানারে ‘ঈদ মোবারক’ লিখে টাঙিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক সাইদুল হক জানান, প্রতিবছরই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জনগণকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মোবারক লিখে ব্যানার টাঙিয়ে রাখা হয়। —ঢাকায় থাকি প্রতিবেদক