চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক স্বপ্ন বাজার। নাটকটি লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করছেন সালাহউদ্দিন লাভলু ও রায়হান খান। অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। কথা হলো তাঁর সঙ্গে।এবার ঈদের সময়টা কেমন কাটালেন?ঈদের দিন বেশ মজা করেছি। ওই দিন ছিল আমার ছেলে শুদ্ধর প্রথম জন্মদিন। অন্য বছর ঈদের দিন বন্ধুদের বাসায় যাওয়া হয়, আড্ডা দিই; কিন্তু এবার সারা দিন বাসায়ই ছিলাম। বিকেলে কেক আনতে বেরিয়েছিলাম। রাতে আত্মীয়স্বজন এসেছিলেন। আর এবার ঈদের আগের রাত পর্যন্ত অমিতাভ রেজার নাটকের কাজ করতে হয়েছে। বুঝতেই পারছেন, ধকলটা কেমন গেছে। তাই ঈদের পরের কয়েকটা দিন প্রায় ঘুমিয়েই কাটিয়েছি।ঈদে আপনার অভিনীত কয়টা নাটক ও টেলিছবি টিভিতে দেখানো হলো?১৫টা। এর মধ্যে ঈদের দিন রাতে প্রায় একই সময়ে দেখানো হয়েছে চারটি নাটক। তাই কোনোটারই হাতেগোনা কয়েকটি দৃশ্যের বেশি দেখতে পারিনি। তবে অন্য দিনগুলোতে কয়েকটি দেখা হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে সার্ভিস হোল্ডার নাটকটি। খুব পরিচিত গল্প, কিন্তু উপস্থাপনটা একেবারেই আলাদা। এটি দেখার পর আমার নিজের চোখই ভিজে গিয়েছিল। এ ছাড়া অমিতাভ রেজার মৃত্যু ও মায়ার গল্প এবং সালাহউদ্দিন লাভলুর তিন গেদা ও মোহর শেখ নাটকগুলো ভালো লেগেছে।কোরবানির ঈদের কাজ শুরু হয়ে গেছে?কয়েকটিতে কাজের ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে। এখন যে নাটকগুলো টিভিতে দেখানো হচ্ছে, ঈদের কাজের চাপে সেগুলোতে জট লেগেছে। এখন এই ধারাবাহিকগুলোর কাজ করছি। পাশাপাশি নতুন কাজও করছি। আজ (মঙ্গলবার) এসেছি এফডিসিতে নি কামালের বায়োস্কোপ ধারাবাহিকের কাজ করতে। শিগগিরই এটি দেশ টিভিতে দেখানো শুরু হবে।এবার স্বপ্নবাজার নাটকের কথা বলুন।এই ধারাবাহিকের প্রথম ৫০ পর্ব পর্যন্ত পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। এখন পরিচালনা করছেন রায়হান খান। আর আমি এই প্রথম ৫০ পর্বেই কাজ করেছি। সময়ের অভাবে পরের পর্বগুলোতে আর কাজ করতে পারিনি।আর কোনো খবর আছে?টিভিতে আমার শুরুটা হয়েছিল বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে। গত পরশু আবারও একটি কাজ করেছি। এটি এনার্জি বাল্বের বিজ্ঞাপনচিত্র। এর আগে আরও চারটি বিজ্ঞাপনে আমি কাজ করেছি।