ঈদের দিনেও কাজ!
সারা বছরের কর্মব্যস্ততার পর ঈদের আনন্দের জন্য সবাই মুখিয়ে থাকে। সবাই চায় ঈদের দিনে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে। কিন্তু কিছু মানুষ ঈদকে এভাবে ভাবতে পারে না। দায়িত্ব তাদের এভাবে ভাবতে দেয় না। ঈদও তাদের জন্য অন্য দিনগুলোর মতোই কর্মমুখর একটি দিন।তাদের কারণে ঢাকার চাকা থাকে সচল। নগরের সড়কে চলে বাস, ঘোরে শিশুপার্কের রাইড। ঈদের দিনে যে বাসায় বিদ্যুৎ ছিল, কলে পানি আর চুলায় গ্যাস পাওয়া গেছে, সচল ছিল টেলিফোন; এর পেছনে রয়েছে এসব সেবাসংস্থার কিছু মানুষের কর্মকুশলতা। ঈদের দিনে ঘর নয়, তাদের জায়গা ছিল কর্মস্থল।এমনই একজন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পানির পাম্পের অপারেটর আবদুর রব। ঈদের দিনে তিনি বলছিলেন, ‘এটা আমাদের দায়িত্ব। মেডিকেলের পানি সরবরাহ সারা বছরের কোনো সময়ই এক সেকেন্ডের জন্যও বন্ধ হওয়া চলবে না। তাই আমরা থাকি সর্বোচ্চ সতর্কাবস্থায়।’ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন অফিস সহকারী জরুরি বিভাগের টিকিট দিচ্ছিলেন। তিনি রোগীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন। ঈদের দিনে কাজ করতে হচ্ছে, এ বিষয়ে তিনি বললেন, ‘ঈদের দিন বলে যে রোগ হবে না কিংবা দুর্ঘটনা ঘটবে না, তা বলা যায় না। তাই রোগীদের সেবা দিতে ঈদের দিনও আমাদের প্রস্তুত থাকতে হয়।’এদিকে অগ্নি দুর্ঘটনাসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় ঈদের দিনেও প্রস্তুত থাকতে হয় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের। এ নিয়ে কথা হয় এর ভারপ্রাপ্ত মহাপরিচালক মেজর এম এম মতিউর রহমানের সঙ্গে। তিনি জানান, ঈদের দিনেও সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিল ফায়ার সার্ভিস। ঈদের দিন সকালে একটি দুর্ঘটনার খবর পেয়ে তাদের গাড়ি ও কর্মী গেছে ঘটনাস্থলে। এদিন দায়িত্ব পালন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার, মবিলাইজিং অফিসারসহ অন্যরা। এ ছাড়া বড় কোনো প্রয়োজনে যাতে মহাপরিচালকসহ সব কর্মকর্তা দায়িত্ব পালনে ছুটে যেতে পারেন, ওই রকম প্রস্তুতি থাকে তাঁদের।ঈদের দিন নগরের সব থানা খোলা ছিল। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘ঈদের দিন প্রতিদিনের মতোই স্বাভাবিক নিয়মেই কাজকর্ম হয়েছে। আসলে পুলিশের ঈদ বলে কিছু নেই। ঈদে কেউ কেউ ছুটি পেয়েছে। বেশির ভাগ কর্মীকে ছুটি দেওয়া হয়নি। চাকরির পর থেকেই এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। প্রথম দু-এক বছর খারাপ লাগলেও এখন মানিয়ে নিয়েছি। থানায় অনেকের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়, এটা ভালোই লাগে।’এদিকে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড ও ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেড থেকে জানা যায়, তাদের বিভিন্ন নিয়ন্ত্রণকক্ষ ও গ্রিড উপকেন্দ্রগুলো ২৪ ঘণ্টাই চালু রাখতে হয়। তাই নিয়ন্ত্রণকক্ষ ও গ্রিড উপকেন্দ্রগুলোয় কর্মরত প্রকৌশলী, ফোরম্যান, টেকনিশিয়ান, লাইনম্যানদের কেউ কেউ ঈদের দিনেও কাজ করেছেন।কিছু বাড়তি পয়সা আয়ের জন্য ঈদের দিনেও গাড়ি চালান বলে জানালেন ৩ নম্বর রুটের বাসচালক আল মামুন। তিনি বলেন, ‘ঢাকা শহরে থাকা-খাওয়া মিলিয়ে অনেক খরচ। তাই আমাদের ঈদের দিনেও কাজ করে আয় করতে হয়।’একই কথা বললেন ষাটোর্ধ্ব রিকশাচালক আব্বাস আলী। রমজান মাসে অসুস্থ থাকায় ঠিকমতো রিকশা চালাতে পারেননি। তাই বাড়তি আয়ের আশায় তিনি ঈদের দিন রিকশা চালিয়েছেন।এদিকে ঈদের দিন থেকেই নগরের বিনোদনকেন্দ্রগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। এসব জায়গায় কর্মীদের ব্যস্ত সময় কাটাতে হয়েছে। শাহবাগের শহীদ জিয়া শিশুপার্কের রোমাঞ্চ চক্রের সুইচম্যান আবদুল মান্নান জানালেন, ৩২ বছর ধরে তিনি এ কাজ করছেন। ঈদের দিনে কাজ করে আনন্দ পান তিনি।