রমজান মাসের পর শুরু হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সম্মেলন। জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে দলটি। তবে এই সময়ে সম্মেলন করতে না পারলে নেতা-কর্মীদের সক্রিয় রাখতে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ের ঘোষিত মহাসমাবেশ আয়োজনে জোর দেওয়া হবে। দলের নীতি-নির্ধারণী একটি সূত্র জানিয়েছে, সারা দেশে তৃণমূল পর্যায়ে এমন কিছু সাংগঠনিক ইউনিট রয়েছে, যেগুলোতে গত ১০ বছরেও সম্মেলন হয়নি। তা ছাড়া সরকার ক্ষমতায় আসার পর দলের কর্মকাণ্ডে গতি কমে গেছে। এ অবস্থায় নতুন নেতৃত্ব তৈরি করে আগামী নির্বাচনের জন্য শক্ত ভিত গড়ে তোলার দাবি উঠছে তৃণমূল থেকেই। তৃণমূল সম্মেলনের দিন-তারিখ ঠিক করা হবে দলের কার্যনির্বাহী সংসদের আগামী বৈঠকে। শিগগিরই কার্যনির্বাহী সংসদের এ বৈঠক হবে। সূত্র জানায়, তৃণমূলের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে এক-এগারোর সময় দলের প্রতি অঙ্গীকার, নিষ্ঠা ও কর্মসূচিতে উপস্থিতি বিবেচনায় আনার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। আগামী নির্বাচনের আগে আরেকটি কেন্দ্রীয় সম্মেলন করার লক্ষ্য সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তৃণমূলের সব ইউনিটের সম্মেলন করতে অন্তত দুই বছর লাগতে পারে বলে দলের একজন নীতিনির্ধারক জানান। কেন্দ্রীয় নেতারা জানান, বর্তমানে তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযান চলছে। রমজান মাসের পরপরই যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গঠনের লক্ষ্যে বিভাগীয় মহাসমাবেশ হবে। এরপর জেলা পর্যায়েও সমাবেশ হবে। আরেকজন নেতা জানান, সরকারের মেয়াদের শেষ দিকে পাওয়া না-পাওয়া নিয়ে দলের ভেতর অস্থিরতা তৈরি হয়ে থাকে। নতুন নেতৃত্বের অধীনে তৃণমূল সংগঠিত করতে পারলে তা এড়ানো সম্ভব হবে। তবে দলের একজন জেলা সভাপতি বলেন, জেলা ও উপজেলা কমিটি হয়েছে ছয় বছর আগে। ইউনিয়ন কমিটিও পুরোনো। ওয়ার্ড কমিটির তো অস্তিত্বই নেই। এর ফলে সদস্য সংগ্রহ অভিযানও ফলপ্রসূ হচ্ছে না। এ অবস্থায় কেন্দ্র থেকে মৌখিকভাবে সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নেতা আরও জানান, ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ চলছে। কেন্দ্র থেকে বলে দেওয়া হয়েছে, যাতে ভিন্ন আদর্শের কেউ আওয়ামী লীগে ঢুকে পড়তে না পারে সেদিকে খেয়াল রাখতে। আরেকজন তৃণমূল নেতা জানান, এক-এগারোর সময় যাঁরা সংস্কারবাদী বলে পরিচিত ছিলেন, তাঁদের পরিবর্তে যাঁরা দলের দুঃসময়ে মাঠে ছিলেন তাঁদের প্রাধান্য দিতে কেন্দ্র থেকে মৌখিকভাবে বলা হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ঈদের পর ওয়ার্ড থেকে শুরু করে তৃণমূলের সম্মেলন করার প্রস্তুতি রয়েছে। তবে ওই সময় ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হলে সম্মেলন পিছিয়ে যেতে পারে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তৃণমূলের সম্মেলনের ঘোষণা দিয়েছেন। তৃণমূলের কমিটি পুনর্গঠন দীর্ঘদিনের একটা সমস্যা। নানা কারণে এ সম্মেলন করা যায়নি। তবে এবার এ সম্মেলন হবে।