ঈদের পর এক মঞ্চ থেকে চার দলের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর এক মঞ্চ থেকে সরকারবিরোধী আন্দোলন-কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ চারদলীয় ঐক্যজোটের শরিকেরা। চারদলীয় জোটের একটি সূত্র জানিয়েছে, রাজধানী ঢাকা অথবা কোনো বিভাগীয় শহরে জনসভা আহ্বান করে চার দলের নেতারা এক মঞ্চে উঠতে পারেন। সেখান থেকে কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ওমরাহ্ পালন শেষে দেশে ফেরার পর এই বিষয়টি চূড়ান্ত করা হবে বলে সূত্রটি জানায়।জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ঈদের পর ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে মহাসমাবেশ, জেলা শহরে জনসভা ছাড়াও লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচি পালন করার পরিকল্পনা করছেন তাঁরা। এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া ঈদের পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চার দলের নেতাদের এক মঞ্চে আসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা একটি সামগ্রিক আন্দোলনের কথা ভাবছি। পরিস্থিতি বাধ্য না করলে আমরা হরতালে যাব না।’বিএনপির আরেকটি সূত্র জানায়, ঈদের পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকে কর্মসূচি চূড়ান্ত করা হবে। তার আগে-পরে চার দলের শরিক, সমমনা আট দল ও নতুন রাজনৈতিক মিত্রদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন।জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, ‘ঈদের পর সরকারবিরোধী আন্দোলনের চূড়ান্ত রূপ দেওয়া হবে। কারণ দলের চেয়ে এই মুহূর্তে আমরা দেশ নিয়ে উদ্বিগ্ন।’দলীয় সূত্রগুলো জানায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের পর থেকে দলটি বিএনপির সঙ্গে এক মঞ্চে কর্মসূচি পালনের জন্য চাপাচাপি করে আসছিল। কিন্তু এত দিন বিএনপি আগ্রহ দেখায়নি। এখন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের ও তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়ায় বিএনপির নীতিনির্ধারকেরা উদ্বেগের মধ্যে পড়েছেন। তাই ঈদের পর বড় ধরনের কর্মসূচির ব্যাপারে প্রস্তুতি নিতে বিএনপির পক্ষ থেকে শরিক দল জামায়াতকে অনুরোধ করা হয়েছে বলে জামায়াতের একটি সূত্র জানায়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বর্তমান সরকারের অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন ছাড়া বিকল্প নেই।নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের আরেক কেন্দ্রীয় নেতা বলেন, ‘ঈদের পর সরকারকে বড় ধরনের একটি ধাক্কা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করি, জোটের নেতারা এক মঞ্চে আসবেন।’ তবে অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপিসহ সমমনা ছোট দলগুলো এই মঞ্চে উঠবে কি না, তা নিশ্চিত করতে পারেননি ওই নেতা।অবশ্য জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চার দলের ঐক্যবদ্ধ আন্দোলন চলছে। এক মঞ্চে আসার ব্যাপারটি ঈদের পর দেখা যাবে।’গত মে মাস থেকে যুগপৎ আন্দোলন-কর্মসূচি পালন করছে বিএনপি ও জামায়াত। এতে সরকারকে খুব একটা ধাক্কা দিতে না পারায় দল দুটির নেতাদের মধ্যে কিছুটা হতাশা আছে বলেও জানা গেছে।এদিকে চারদলীয় জোটের আরেক শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমরা তো এক মঞ্চে আছি-ই। এখন আমরা চেষ্টা করছি এন্টি আওয়ামী লীগ দলগুলো নিয়ে গণ-অভ্যুত্থান করার। তা কীভাবে করব, এ নিয়ে গেম প্ল্যান করছি।’আরেক শরিক খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক বলেন, ‘আমরা একসঙ্গে ওঠাবসা করছি, আশা করি ঈদের পর এক মঞ্চে কর্মসূচি পালন করব।’