ঈদের পর কঠোর থেকে কঠোরতর কর্মসূচি: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর কঠোর থেকে কঠোরতর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘এ কর্মসূচি তত দিন চলতে থাকবে, যত দিন পর্যন্ত জনগণ এ সরকারের হাত থেকে মুক্তি না পায়।’আজ রোববার বিকেল চারটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব এ কথা বলেন। তিনি হরতাল সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানান। খোন্দকার দেলোয়ার বলেন, জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছিল অনেক আগেই। তবে গতকাল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে যেভাবে উচ্ছেদ করা হলো, সে ঘটনার পর জনগণ সরকারের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছে। মহাসচিব অভিযোগ করেন, আজ হরতাল চলাকালে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে সরকার তাঁর কদর্য রূপ অব্যাহত রেখেছে। নেতা-কর্মীদের মাঠে নামতে দেওয়া হয়নি। সরকার হরতাল বানচালের ঘটনা ঘটিয়েছে। পুলিশ নেতা-কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। তাঁর অভিযোগ, গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে সরকারদলীয় লোকজন গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়ে বিএনপির নেতা-কর্মীদের অভিযুক্ত করেছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) খালেদা জিয়ার বাড়ি ছাড়ার বিষয় নিয়ে ক্রমাগত মিথ্যাচার করছে বলে খোন্দকার দেলোয়ার দাবি করেন। তাঁর দাবি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ যে বক্তব্য দিয়েছেন, তাঁর ভাষা আইএসপিআরের ভাষার সঙ্গে মিলে যায়। উভয়ের বক্তব্যেই শঠতা, প্রবঞ্চনা ও বিভ্রান্তি রয়েছে। খালেদা জিয়া সুবিচার পাননি। বিএনপির মহাসচিবের ভাষ্য, জিয়া পরিবারকে ধ্বংস করতেই সরকার খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করেছে। তিনি বলেন, ‘সরকার খালেদা জিয়াকে বাড়িটি ইজারা দিয়েছিল। কী প্রক্রিয়ায় ইজারা দেওয়া হয়েছে, সেটা তাঁর জানার কথা না। কোনো সরকারই বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু বর্তমান সরকার তাঁকে বাড়ি ছাড়া করেছে। বর্তমান সরকারে মনে করে, জিয়া পরিবারকে ধ্বংস করতে পারলেই বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে শেষ করে দেওয়া যাবে।’ সংবাদ ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।