ঈদের পর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ঈদের পর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হবে। অন্যায়-জুলুম-অবিচারের হাত থেকে দেশের মানুষকে রক্ষার করতে ১৮ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে এই সংগ্রাম করবে। আজ রোববার রাজধানীর একটি হোটেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিলে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি এই আন্দোলনে শরিক হতে জোটের সব দলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, ‘আশা করি জুলম-নির্যাতন-অবিচারের বিরুদ্ধে বিজয়ী হতে পারব। কারণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সফল হয়েছিলাম।’ তিনি বলেন, এই সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা বলতে কিছু নেই। ক্ষমতাসীনদের হাতে সাংবাদিকেরা নির্যাতিত হচ্ছেন। গত সাড়ে তিন বছরে ১৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর কোনো প্রতিকার পাওয়া যায়নি। এখন ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।এলডিপির সভাপতি অলি আহমদ বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে। এদের হাতে দেশ নিরাপদ নয়। তাই এই রোজায় সবাইকে শপথ নিতে হবে ঈদের পর ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার।ইফতারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ ও মনিরুজ্জামান মিঞা এবং কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ ১৮ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।