ঈদের পর নতুন আন্দোলন কর্মসূচি দেওয়া হবে: খালেদা
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেন, সারা দেশকে আওয়ামী লীগ কারাগারে পরিণত করেছে। এ সরকারের অধীনে মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। দেশের মানুষ দুঃসহ জীবনযাপন করছে। এদের হাত থেকে মানুষকে বাঁচাতে ঈদের পরই আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হবে। এ জন্য দলের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া এ অভিযোগ করেন।খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দলের লোক অপরাধ করলেও ছাড় দেওয়া হবে না। অথচ সাংসদের বন্দুকের গুলিতে আওয়ামী লীগের এক কর্মী নিহতের ঘটনার পর প্রমাণিত হয়েছে, প্রধানমন্ত্রীর এই বক্তব্য কেবলই লোক দেখানো। তিনি অভিযোগ করেন, সরকারদলীয় লোকজন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের মারধর, চাঁদাবাজি, অস্ত্রবাজি ও টেন্ডারবাজি করে আসছে। অথচ তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না।বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বিএনপির ইফতার আয়োজনের মূল ভূমিকা পালন করেন। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এতে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ইফতার মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং জাতীয় নির্বাহী কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।