ঈদের পর প্রথম দিনে বড় দরপতন
ঈদুল আজহার টানা নয় দিন ছুটির পর গতকাল রোববার থেকে শুরু হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। আর লেনদেনের প্রথম দিনেই বড় দরপতন দেখল বিনিয়োগকারীরা।ঈদের ছুটির পর বাজার স্থিতিশীল হবে—বিনিয়োগকারীদের অনেকে এ রকম প্রত্যাশা করলেও কার্যত ঘটেছে তার উল্টোটা।বিশ্লেষকেরা অবশ্য শেয়ারবাজারের এই দরপতনের জন্য দেশের পুরো অর্থনীতির খারাপ অবস্থাকেই দায়ী করলেন। তাঁদের মতে, সরকারের আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে পুরো অর্থনীতি সংকটে রয়েছে। শেয়ারবাজারে এর প্রভাব পড়েছে।গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৩ শতাংশেরই দাম কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯৫ শতাংশ কোম্পানিরই শেয়ারের দাম কমেছে। লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকাটি পূর্ণ হলেও চট্টগ্রামের বাজারে সেটি অসম্পূর্ণ ছিল। দরপতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীদের একাংশ। ছুটির পর শেয়ারবাজারে গতকাল দরপতন দিয়েই লেনদেন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পতনের গতিও বেড়েছে। চার ঘণ্টার লেনদেনের পুরোটা সময়ই মূল্যসূচকের একটানা পতন ঘটেছে। দিনশেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩ দশমিক ২০ শতাংশ বা প্রায় ১৬৭ পয়েন্ট কমে নেমে এসেছে পাঁচ হাজার ৪২ পয়েন্টে। এর আগে গত ৩১ অক্টোবর সর্বশেষ ডিএসইর সাধারণ সূচক পাঁচ হাজার ৩৬ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। আর সিএসইর সার্বিক মূল্যসূচক প্রায় পৌনে তিন শতাংশ বা ৪০৬ পয়েন্ট কমে নেমে এসেছে ১৪ হাজার ৩৬৯ পয়েন্টে।পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘দেশের পুরো অর্থনীতি খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সেটি পুনরুদ্ধার করাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। এ অবস্থায় শেয়ারবাজারের ইতিবাচক ধারার প্রত্যাশা পূরণ হওয়া কঠিন। বর্তমান বাস্তবতায় ব্যাংক ও অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে কতটুকু সক্রিয় ভূমিকা পালন করতে পারবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’সালাহউদ্দিন আরও বলেন, ‘অতীতে শেয়ারবাজারে বিনিয়োগের ব্যাপারে অনেকে অনেক ঘোষণা দিয়েছে। কিন্তু সেসব ঘোষণার কার্যত কোনো প্রতিফলন বাজারে দেখা যায়নি।’বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারে এ অবস্থা চলতে থাকলে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চরম ঝুঁকিতে পড়বে। তাঁদের মতে, সাধারণ বিনিয়োগকারীদের বড় অংশই এর মধ্যে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এখন দরপতনে প্রতিষ্ঠানগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে। একদিকে শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের দেওয়া প্রান্তিক ঋণ, অন্যদিকে নিজস্ব বিনিয়োগ—দুই মিলে দরপতনের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানগুলোর ঝুঁকিও বাড়ছে।গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ২৪৯ কোম্পানির মধ্যে ২৩২টিরই দাম কমেছে, বেড়েছে ১৩টির আর অপরিবর্তিত ছিল চারটির দাম। দিনশেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২০৭ কোটি টাকা, যা সর্বশেষ কার্যদিবসের চেয়ে প্রায় ২৫ কোটি টাকা বেশি।সিএসইতে গতকাল ১৫২ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৪৫টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র পাঁচটির আর অপরিবর্তিত ছিল দুটির দাম। দিনশেষে চট্টগ্রামের বাজারে মাত্র ১৭ কোটি টাকার লেনদেন হয়।এদিকে, দরপতনের প্রতিবাদে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত বিনিয়োগকারীরা বেলা দেড়টা থেকে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেন।