ঈদের পর বড় আন্দোলনে যেতে চায় ‘উজ্জীবিত বিএনপি’
আওয়ামী লীগের অধীনে স্থানীয় নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের একচেটিয়া বিজয় হলেও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে কোনো ছাড় দেবে না বিএনপি।এই দাবিতে ‘উজ্জীবিত বিএনপি’ রোজার ঈদের পর বড় ধরনের আন্দোলনে যেতে চায়। এর আগে রমজানজুড়ে ‘গণসম্পৃক্ততা’ বাড়ানোর কাজ করবে দলটি।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি এখন পর্যন্ত রাজপথে জোরালো আন্দোলন গড়ে তুলতে পারেনি। তবে সিটি করপোরেশন নির্বাচনের ফল বিএনপিকে আশাবাদী করে তুলেছে। চার নগরে নিজেদের প্রার্থীর বিজয়কে আন্দোলন জোরদার করার কাজে ব্যবহার করতে চায় বিএনপি। দলের কয়েকজন নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে তাঁদের এ মনোভাবের কথা জানা গেছে।সূত্র জানায়, বিএনপি এখন প্রতিষ্ঠিত করতে চায়, জনগণ তাদের প্রধান দাবি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষে রায় দিয়েছে। বিএনপি মনে করছে, চার সিটি করপোরেশনে বিএনপির বিজয়ে একদিকে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছেন। অন্যদিকে ‘ভোটের হাওয়া’ বিএনপির দিকে বইতে শুরু করেছে। এতে সরকার এক ধরনের মনস্তাত্ত্বিক চাপে পড়েছে। এটিকে তারা দাবি আদায়ের ক্ষেত্রে একটি প্রাথমিক বিজয় বলে মনে করছে।বিএনপি এখন জনগণকে বোঝাতে চায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের জনপ্রিয়তা নেই, এটা সদ্যসমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে। এ কারণে সরকার নিজেদের ‘ক্ষমতা স্থায়ী’ করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চাচ্ছে না। সূত্র জানায়, চলতি মাসের শেষ থেকে রমজানজুড়ে দলের নেতারা বিভিন্ন জেলা সফর করবেন। সেখানে তাঁরা এ বিষয়গুলো তুলে ধরবেন মানুষের কাছে। নিজেদের দাবির প্রতি ‘গণসম্পৃক্ততা’ বাড়াবেন। দলের নেতাদের এ ধরনের নির্দেশনা দেওয়া আছে। আর ঈদের পর দাবি আদায়ের লক্ষ্যে বড় ধরনের আন্দোলনে যাওয়ার চিন্তা আছে বিএনপির মধ্যে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘এই নির্বাচনের ফল নির্দলীয় সরকারের দাবির প্রতি সাধারণ মানুষের সমর্থন। এই বিজয় বিএনপির দাবিকে আরও শক্ত করেছে বলে আমরা মনে করি।’ দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বিএনপির দাবি খুব স্পষ্ট। নির্দলীয় সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি বলেন, সরকার এখন প্রতিষ্ঠিত করতে চাইবে, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এটি দৃশ্যমান কৌশল। এটি একটি ফাঁদ। বিএনপি অতীতে এ ধরনের ফাঁদে পা দিলেও এবার তা হবে না। বিএনপি তাদের দাবিতে অনড় থাকবে।আজ রোববার সকালে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির পক্ষে এবং সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ বিজয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৮ দল নির্দলীয় সরকারের দাবি আনুষ্ঠানিকভাবে জনগণের কাছে উপস্থাপন করেছে। এর ভিত্তিতেই জনগণ রায় দিয়েছে। তিনি আরও বলেন, সরকার কী বলে, তার ওপর ভবিষ্যত্ নির্বাচন নির্ভর করবে না। এটি নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ওপর। দেশের ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক চায়। স্থানীয় ও জাতীয় নির্বাচন এক নয় বলেও তিনি মন্তব্য করেন।