ঈদের পর বস্ত্র-কারখানা বন্ধ করে দিতে হবে: বিটিএমএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ কাউন্ট পর্যন্ত সুতা আমদানি নিষিদ্ধের দাবি করেছে দেশের প্রাথমিক বস্ত্র খাতের মালিক সমিতি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। তারা বলেছে, মিলগুলোতে যে পরিমাণ সুতা ও কাপড় এরই মধ্যে জমে গেছে, তার থেকে পরিত্রাণ না পেলে আসন্ন ঈদের পর মিলগুলো বন্ধ করে দিতে হবে।বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন বলেন, ‘আমরা যদি প্রতিকার না পাই, তবে ঈদের পর সম্ভবত আমরা মিলগুলো বন্ধ করে দিতে বাধ্য হব।’ বিটিএমএর এক সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার তিনি এ কথা বলেন।জাহাঙ্গীর আলামিন বলেন, প্রাথমিক বস্ত্র খাত এখন ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে। এ বিষয়ে অনেক চেষ্টা করেও সরকারের কোনো নীতিসহায়তা এখনো তাঁরা পাচ্ছেন না। তিনি বলেন, ‘বিটিএমএর আওতাভুক্ত সুতার মিলগুলোতে বর্তমানে নয় হাজার কোটি টাকা মূল্যের দুই লাখ ৫০ হাজার টনের মতো সুতা মজুদ হয়ে পড়ে আছে।’সংবাদ সম্মেলনে বিটিএমএর সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, বর্তমান সহসভাপতি আহমেদ আলী, এম এ জাহেরসহ কয়েকজন শিল্পমালিক উপস্থিত ছিলেন।সম্মেলনের শুরুতেই সংগঠনের সভাপতি প্রাথমিক বস্ত্র খাতের বর্তমান সংকট তুলে ধরেন। তিনি বলেন, প্রাথমিক বস্ত্র খাত (সুতা ও কাপড়ের মিলগুলো) ২০১০ সালের সেপ্টেম্বর থেকে নিয়ন্ত্রণ-বহির্ভূত হওয়ার কারণে অসম প্রতিযোগিতায় পড়ে। বর্তমানে এ খাত গভীর সংকটে পতিত হয়েছে।বিটিএমইএ এর কারণ ব্যাখ্যা করেছে। তারা বলেছে, ২০১০ সালের মার্চ-এপ্রিল সময় থেকে আন্তর্জাতিক বাজারে তুলার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, ২০১১ সালের জানুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়নে বিশেষ প্রবেশাধিকার সুবিধা (জিএসপি) পেতে উত্সবিধি (রুলস অব অরিজিন) শিথিল, দেশে গ্যাস-বিদ্যুতের সংকটে মিলগুলোর উত্পাদন ৩৫ (কাপড়ে) থেকে ৬০ (সুতা) শতাংশে নেমে আসা এবং ২০১১ সালের মে-জুন থেকে আন্তর্জাতিক বাজারে তুলার ক্রমাগত মূল্য হ্রাসের পরিপ্রেক্ষিতে আমদানি করা সুতা ও কাপড় দিয়ে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।বিটিএমএ জানায়, দেশে বর্তমানে প্রাথমিক বস্ত্র খাতে বিনিয়োগের পরিমাণ ৩০ হাজার কোটি টাকা। বেসরকারি খাতে একক বিনিয়োগ হিসেবে এটিই বৃহত্ খাত। ৩৭৭টি স্পিনিং, ৭০৫টি উইভিং ও ২৩১টি ডাইয়িং-প্রিন্টিং-ফিনিশিং শিল্প রয়েছে এ খাতে।জাহাঙ্গীর আলামিন বলেন, দেশের রপ্তানি পোশাকের মধ্যে নিট খাতের ৮০ শতাংশ ও ওভেন খাতের ৪০ শতাংশ কাঁচামাল সরবরাহ করার ক্ষমতা তাদের আছে। এতে রপ্তানি পোশাকের ৭০ শতাংশ মূল্য সাশ্রয় হচ্ছে। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুসারে ২০১০ সালের জানুয়ারি-জুন সময়ের তুলনায় ২০১১ সালের একই সময়ে সুতা আমদানি বৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ২১ শতাংশ, ওভেন ও নিট কাপড় আমদানি বেড়েছে যথাক্রমে ৫১ দশমিক ১৮ ও ২৯৩ দশমিক ০৬ শতাংশ। এ পরিস্থিতিতে পড়ে দেশের মিলগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।বিটিএমএ বলছে, বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগী ভারত তাদের এই শিল্প খাতকে নানা ধরনের নীতি ও নগদ সহায়তা দিয়ে আসছে। এতে দেশের প্রাথমিক বস্ত্র খাত কেবল অসম প্রতিযোগিতায় পড়েনি, বরং হুমকির মুখে রয়েছে।উল্লেখ্য, এর আগে ভারত তাদের সুতা মিলগুলোর জন্য তুলার জোগান নিশ্চিত করতে রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছিল এবং একপর্যায়ে এসে তুলা রপ্তানিই নিষিদ্ধ করে দেয়। তখন দেশে সুতা ও বস্ত্রমিল না থাকলে বাংলাদেশের রপ্তানিই আটকে যেত। আর এখন ভারত এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারই শুধু নয়, বরং রপ্তানিতে সাড়ে ৭ শতাংশ হারের চেয়ে বেশি হারে প্রণোদনা দিচ্ছে। ভারত গত বছরের জুলাই মাসে নির্দেশনা দিয়ে এপ্রিল থেকে তা কার্যকর করেছে। এতে করে বাংলাদেশের রপ্তানিকারকেরা দেশের মিল থেকে সুতা বা কাপড় না কিনে সাড়ে ৭ শতাংশ ছাড় পেয়ে ভারত থেকে তা আমদানি করছে এবং বিশেষত ইউরোপে জিএসপির আওতায় রপ্তানিতে সাড়ে ১২ শতাংশ হারে কর ছাড় পাচ্ছে। গত জুলাই থেকে সরকার দেশের কাঁচামাল ব্যবহারে ৫ শতাংশ হারে নগদ সহায়তা দিচ্ছে পোশাক খাতে। কিন্তু ভারত থেকে আমদানি করলে লাভ হচ্ছে অন্তত ১৫ শতাংশ। এ পরিস্থিতিতে দেশের প্রাথমিক খাত ভয়াবহ অসম প্রতিযোগিতায় পড়েছে।জাহাঙ্গীর আলামিন বলেন, এরই মধ্যে ৫০ শতাংশ উত্পাদন বন্ধ হয়ে গেছে। ৮৭ লাখ সুতা বানানোর টাকুর (স্পেন্ডাল) মধ্যে এখন চলছে ৪৫ লাখ। তিনি বলেন, ‘সরকারের সিদ্ধান্তহীনতা ও কালক্ষেপণের কারণে প্রাথমিক খাতের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।’বিটিএমএর সভাপতি এ পরিস্থিতিতে আগামী ছয় মাসের জন্য ৩০ কাউন্ট পর্যন্ত সুতা আমদানি সম্পূর্ণ নিষিদ্ধের দাবি করেন। একই সঙ্গে তিনি বর্তমান বিকল্প নগদ সহায়তার হার ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার দাবি তোলেন। তিনি বন্ডের মাধ্যমে আমদানির ক্ষেত্রে কোটা বসানোরও দাবি করেন। সভাপতি বলেন, দেশের মিলগুলো নিট ও ওভেন পোশাকের সুতা ও কাপড়ের ক্ষেত্রে যথাক্রমে ৮০ ও ৪০ শতাংশ হারে সরবরাহ নিশ্চিত করেছে। যে কারণে বাকি আমদানির সুযোগ কোটার মাধ্যমে দেওয়া যেতে পারে।এ মতিন চৌধুরী বলেন, পোশাক খাতে বিশ্ববাজারে চীন ১ নম্বরে রয়েছে, এটা কেউ ঠেকাতে পারছে না। দ্বিতীয় কে হবে, তা নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিযোগিতা চলছে। ভারত তাদের বস্ত্র খাতকে প্রতিযোগী ও বৃদ্ধির জন্য নানা ধরনের নীতি ও বিভিন্ন ক্ষেত্রে ২৫ শতাংশের বেশি হারে নগদ সহায়তা দিচ্ছে। ফলে বাংলাদেশের বস্ত্র খাতকে সংরক্ষণেও সরকারকে পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ‘আমরা প্রতিযোগিতায় সক্ষম কিন্তু ভারত যখন তাদের দেশের প্রাথমিক খাত থেকে শুরু করে তুলা উত্পাদনে কৃষক পর্যন্ত নানা ধরনের আর্থিক ও নীতিসহায়তা দেয়, তখন আমরা পিছিয়ে পড়ি।’ তিনি আরও বলেন, ‘আমরা তো এমনিতেই কোনো সহায়তা চাচ্ছি না। আমরা চাচ্ছি, ভারত যে সহায়তা দিচ্ছে, তার পাল্টা হিসেবে কিছু নীতিসহায়তা।’মতিন চৌধুরী বলেন, ‘৩০ কাউন্ট পর্যন্ত সুতা আমদানি বন্ধ করা যেতেই পারে। ভারত তো কিছুদিন আগে রপ্তানি বন্ধ করেছিল।’