ঈদে বাড়ি যেতে একরকম যুদ্ধের পর যাঁরা টিকিট পেয়েছেন, তাঁদের কপালে এখন চিন্তার ভাঁজ। ঢাকার বাইরে থেকে ফিরতি যাত্রার যাঁরা টিকিট কেটে রেখেছিলেন, অনেকেই তা ফেরত দিচ্ছেন আত্মীয়স্বজনের মাধ্যমে। ১২ ও ১৩ আগস্ট জামায়াতে ইসলামীর ডাকা হরতাল ঢাকাবাসীর আনন্দের যাত্রার সূচি এলোমেলো করে দিয়েছে। এর মধ্যেই আজ রোববার থেকে শুরু হচ্ছে ট্রেন ও বাসের অগ্রিম টিকিটের ভ্রমণকারীদের যাত্রা।হরতালের কারণে সবচেয়ে বেশি এলোমেলো বাসের সময়সূচি। হরতাল ঘোষণার আগে ১১ আগস্টের ফিরতি টিকিটের চাহিদা ছিল কম। ১০ আগস্ট ঈদ হতে পারে—সেই বিবেচনায় ওই দিন বাস চলাচল নিয়ে ছিল অনিশ্চয়তা। এখন সেই ১১ আগস্টের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। ১০ আগস্টের টিকিটের জন্যও অনেকে ধরনা দিচ্ছেন পরিবহন কোম্পানিগুলোর কাউন্টারে। হরতালে ট্রেন চললেও দূরপাল্লার বাস চালু থাকে না। এ ক্ষেত্রে ট্রেনের ওপর যাত্রীদের চাপ বাড়বে বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন।এস আর পরিবহনের ব্যবস্থাপক আমিন নবী প্রথম আলোকে বলেন, ‘১১ আগস্ট বাস চালানোর সিদ্ধান্ত ছিল না। কিন্তু ওই দিন চাহিদা বেড়ে যাওয়ায় বাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি।’রেলের কর্মকর্তারা জানিয়েছেন, আজকের সব ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে। যাঁরা শেষ মুহূর্তে ট্রেনে চড়তে চান, তাঁদের আসনবিহীন টিকিট নিয়ে ভ্রমণ করতে হবে। রেলে ঈদ উপলক্ষে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত আসনবিহীন টিকিট বিক্রি করা হয়। তবে রেল ও পরিবহন কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, ঈদে ঘরমুখী মানুষের মূল চাপ হবে ৬ ও ৭ আগস্ট। এই দুই দিনেরই সবচেয়ে বেশি অগ্রিম টিকিটের চাহিদা ছিল। গতকাল কল্যাণপুরে হানিফ পরিবহনের কাউন্টারের সামনে কথা হয় বায়িং হাউসের কর্মকর্তা আসলাম সরকারের সঙ্গে। ঈদ উপলক্ষে কুষ্টিয়ায় যাচ্ছেন। তিনি জানান, পারিবারিক অনুষ্ঠানের সঙ্গে মিলিয়ে ফিরতি টিকিট ছিল ১৩ আগস্টের। কিন্তু হরতালের কারণে টিকিট ফেরত দিতে হয়েছে। এখন তিনি ১১ আগস্ট ঢাকায় ফিরবেন। পরিবারের অন্য সদস্যরা সুবিধাজনক সময়ে আসবেন। শ্যামলী পরিবহনের মেহেরপুর কাউন্টারের ব্যবস্থাপক হাবিবুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঢাকায় ফেরার জন্য সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছিল ১২ ও ১৩ আগস্টের। এখন ১২ আগস্টের যাত্রীরা ১১ আগস্টের এবং ১৩ আগস্টের যাত্রীরা ১৪ আগস্টের টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন। হরতাল ঘোষণার আগে ১১ আগস্টের টিকিটের কোনো চাহিদা ছিল না বলে জানান এস আর পরিবহনের বগুড়া কাউন্টারের ব্যবস্থাপক আলমগীর হোসেন। তিনি বলেন, অনেকে ১২ ও ১৩ আগস্টের টিকিট ফেরত দিয়ে ১১ আগস্টের টিকিট নিয়েছেন। এখন ১১ আগস্টের সব টিকিট বিক্রি শেষ। জিনিয়া আফরোজ ও ফারজানা আফরিন—দুই বোন। গতকাল তাঁরা বগুড়ার বাসের জন্য কল্যাণপুরে এস আর পরিবহনের কাউন্টারে অপেক্ষা করছিলেন। জিনিয়া একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। আর ফারজানা শিক্ষার্থী। তাঁরা জানান, ঈদের দু-এক দিন আগের টিকিট পাওয়া যায়নি বলে আগেই চলে যাচ্ছেন। পরিকল্পনা ছিল ১২ আগস্ট ফিরে আসবেন। কিন্তু এখন হরতালের পর আসতে হবে। জিনিয়া বলেন, ‘হরতালের কারণে ঈদ ভ্রমণ অনেক লম্বা হয়ে গেল। অফিসে ছুটি নিতে খুব কষ্ট হয়েছে।’গতকাল বিকেল সাড়ে চারটার দিকে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঘরমুখো মানুষের কিছুটা ভিড় শুরু হয়েছে। তবে অধিকাংশেরই চিন্তায় ছিল ঢাকায় ফেরা নিয়ে। চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের কাউন্টারের সামনে ছিল চোখে পড়ার মতো ভিড়। মশিউর রহমান নামের এক ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী বলেন, ‘ব্যবসায় বেচাবিক্রি ভালোই হচ্ছে। আজ (গতকাল) তো যেতে পারছি না। তাই পরিবারের সদস্যদের তুলে দিচ্ছি।’ সুবিধাজনক সময়ে বাড়ি যাবেন উল্লেখ করে তিনি বলেন, ঈদের পর ব্যবসা মন্দা থাকবে। তাই একটু দেরি করেই ফিরবেন। সাকুরা পরিবহনের কাউন্টারে গিয়ে কথা হয় গৃহিণী রুবিনা আক্তারের সঙ্গে। তিনি জানান, বরিশালে যাচ্ছেন। ফিরে আসার কথা ছিল ১৩ আগস্ট। টিকিটও বলে রাখা হয়েছিল। এখন সবকিছু অনিশ্চিত হয়ে গেছে।