ঈদের পরে ঐক্যবদ্ধ আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য ঈদের পরে বিএনপি ও বিকল্পধারা বাংলাদেশ একসঙ্গে আন্দোলন করবে। আজ সোমবার বিকেলে এক বৈঠকে এ বিষয়ে দল দুটি মতৈক্যে পৌঁছায়। রাজধানীর বারিধারায় বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় এই বৈঠক হয়।বৈঠকে বিএনপির পক্ষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিকল্পধারার পক্ষে দলটির যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী অংশ নেন।বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘সরকারের অগণতান্ত্রিক আচরণ ও পঞ্চদশ সংশোধনী বাতিলের পরিপ্রেক্ষিতে আমরা দুই দল একসঙ্গে কাজ করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছি।’ মাহী বি চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিকল্পধারা ঈদের পরে বিকল্প আন্দোলন নিয়ে মাঠে নামবে।মির্জা ফখরুল বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিলের পর বিএনপির চেয়ারপারসন জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় ইতিপূর্বে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে কথা হয়েছে। তিনি অসুস্থ থাকায় গতকাল মাহী বি চৌধুরীর সঙ্গে বৈঠক হয়েছে। তিনি বলেন, বিকল্পধারা তাদের প্রস্তাবগুলো দিয়েছে। এ নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর আবার বৈঠক হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।মাহী বি চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন জনগণ নেবে না। এ বিষয়ে দুই দল একমত হয়েছে। তিনি বলেন, একসঙ্গে আন্দোলন করার ব্যাপারে বিকল্পধারা কিছু বিকল্প প্রস্তাব দিয়েছে। তবে এসব প্রস্তাবের ভিত্তিতেই ঐক্য হতে হবে, এমন কোনো কথা নেই। এখান থেকে কিছু কমবেশি করে ঐক্য হতে পারে।