গত রোজার ঈদের আগে চিনি, মসলা, পেঁয়াজ-আদা-রসুন, তরিতরকারিসহ প্রায় সব পণ্যের দাম ছিল চড়া। স্থির ছিল শুধু চাল আর ভোজ্যতেলের দাম। সে কারণে ঈদের বাজার নিয়ে তখন শঙ্কায় ছিলেন ক্রেতারা।তবে কোরবানির ঈদের আগে প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। মসলা, পেঁয়াজ, রসুন, চাল, সেমাইসহ সব নিত্যপণ্যের দামই এখন নাগালের মধ্যে।দেশের বিভিন্ন স্থানে ভালো ফলন এবং বিদেশ থেকে প্রচুর আমদানির কারণে বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহ এখন ভালো। সে কারণে এসব পণ্য মিলছে কম দামে। ফলে ক্রেতার মধ্যেও এসেছে খানিকটা স্বস্তি।মসলার দাম কমেছে: কোরবানির ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যের নাম মসলা। প্রতিবছর ঈদের আগে মসলার দাম বাড়লেও এখনকার অবস্থা উল্টো। প্রায় সব মসলারই দাম কমেছে। মাংস রান্নার জন্য হরেক রকম মসলার প্রয়োজন হয়। বেশি ব্যবহূত হয় জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ।খুচরা বিক্রেতারা ভালো মানের জিরা ৫০০ এবং মাঝারি মানের জিরা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি করছেন। মাস খানেক আগে জিরার দাম এর চেয়ে ৪০ থেকে ৫০ টাকা বেশি ছিল।এক মাস আগেও যে গোলমরিচ এক হাজার টাকা কেজি বিক্রি হতো, তা এখন বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়। গত ঈদে লবঙ্গের দাম ছিল দুই হাজার ৬০০ টাকা। এখন পাওয়া যাচ্ছে এক হাজার ৬০০ টাকায়।এ ছাড়া খুচরা দোকানে প্রতি কেজি দারুচিনি ৩০০, জয়ত্রী চার হাজার, আলুবোখারা ৭২০ থেকে ৭৫০, ভারতীয় কিশমিশ ৩০০ এবং পাকিস্তানি কিশমিশ ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।তবে বেড়েছে জায়ফলের দাম। কেজিপ্রতি ৫০০ টাকা বেড়ে জায়ফলের কেজি এখন এক হাজার ৩৫০ টাকা হয়েছে। আর একটি কিনলে ১০ টাকা।গতকাল শনিবার কারওয়ান বাজারে ঈদের বাজার করতে এসেছিলেন গৃহিণী পারভীন সুলতানা। তিনি প্রথম আলোকে বলেন, ‘মসলার দাম আগের চেয়ে কিছুটা কমেছে। কিন্তু এখনো যে দাম, তা দিয়েও ভালোভাবে কিনে খাওয়ার মতো অবস্থা নেই।’পেঁয়াজ, রসুন ও আদা স্থির: মাংস রান্নায় আরও অপরিহার্য উপকরণ পেঁয়াজ-আদা-রসুন। তবে ক্রেতাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। গত এক মাসে নিত্যপণ্যের মধ্যে এই পণ্যগুলোর দামই বেশি কমেছে।কাঁচাবাজারে পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৩৪ থেকে ৩৮ টাকায়। দেশি পেঁয়াজ ৩৮ এবং ভারতীয় পেঁয়াজ ৩৪ থেকে ৩৫ টাকায়। তবে পাড়া-মহল্লার দোকানে এর চেয়েও দু-তিন টাকা বেশি নিচ্ছে।বাজারে দেশি রসুন পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আর চীনা রসুনের দাম ৬০ থেকে ৭০ টাকা। আদার দামও এখন কম। দেশি নতুন আদা ৫০ ও পুরোনো আদা ১১০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া বাজারে আছে চীনা ও ভারতের আদা। চীনের আদা ৬০ থেকে ৭০ এবং ভারতের আদা ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।চালের দামও কম: গত রমজান মাস থেকে চালের বাজার স্থির থাকলেও সম্প্রতি খুচরা বাজারে কমতে শুরু করেছে। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক মাসে মোটা চাল সাড়ে তিন, মাঝারি চাল পাঁচ এবং চিকন চালের দাম ছয় শতাংশ কমেছে।বাজারে মোটা চাল এখন ৩০ থেকে ৩৩ টাকা, মাঝারি মানের চাল ৩৫ থেকে ৪০ টাকা এবং উন্নতমানের চিকন চাল ৪০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।পাইকারি বাজারে গতকাল প্রতি কেজি মিনিকেট ৩৯ থেকে ৪০ টাকা, নাজিরশাইল ৫২ থেকে ৫৩ টাকা, বিআর-২৯ (লতা) ৩২ থেকে ৩৫ টাকা, বিআর-২৯ চাল ৩১ থেকে ৩৩ টাকা, পারিজা ৩২ থেকে ৩৫ এবং গুটিস্বর্ণা ২৬ থেকে ২৯ টাকায় বিক্রি হচ্ছে।দাম স্থির যেসব পণ্য: গত প্রায় এক মাস ধরে স্থির আছে চিনি, ভোজ্যতেল এবং ডালের দাম। বিভিন্ন দোকানে চিনি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। দেশি মসুরের দাম কেজিতে ৯০ ও বিদেশি মসুর ৭০ টাকা। সয়াবিন তেলের দামও অপরিবর্তিত। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৫৯৫ থেকে ৬০৫ টাকায় পাওয়া যাচ্ছে।বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সেমাই বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। আর বিভিন্ন ব্র্যান্ডের লাচ্ছা সেমাইয়ের ২০০ গ্রামের প্যাকেট পাওয়া যাচ্ছে ৩০ টাকায়।