ঈদের বাজারে চীনে তৈরি পোশাকের প্রাধান্য
পবিত্র মাহে রমজানের প্রথম ১০ দিন পেরিয়ে গেছে। ঘরে ঘরে চলছে কেনাকাটার পরিকল্পনা। সাধ আর সাধ্যের টানাপোড়েনের মধ্য দিয়েই শুরু হয়ে গেছে কেনাকাটার পালা। ঈদের আনন্দ-উৎসব উদ্যাপনের জন্য ধনী-দরিদ্রনির্বিশেষে সবারই চেষ্টা থাকে পরিবারের সবার জন্য নতুন পোশাক কেনার। দেশের অধিকাংশ মানুষেরই আর্থিক সংগতি এমন নয় যে দফায় দফায় নতুন পোশাক-আশাক কিনতে পারেন। ঈদ উপলক্ষে তাঁরা নতুন জামাকাপড় কিনতে উদ্যোগী হন। তাতে লজ্জা নিবারণের প্রয়োজনের দায় মেটার সঙ্গে উৎসবে নতুন পোশাক পরার আনন্দও যোগ হয়। রাজধানীর ছোট-বড় সব বিপণিবিতান এখন হাল ফ্যাশনের পোশাক-আশাক এবং আনুষঙ্গিক পণ্যের সম্ভারে পূর্ণ। বিপণিবিতানগুলোর ভেতরে-বাইরে জমকালো সাজসজ্জা। ক্রেতাদের ‘খোশ আমদেদ’ জানিয়ে টানানো হয়েছে ব্যানার। দেশি বস্ত্রসম্ভারের মেলা বসে গেছে বিভিন্ন এলাকার মাঠে। বুটিকগুলো তাদের ঈদের পোশাকসম্ভার দিয়ে সাজিয়েছে নিজস্ব বিক্রয়কেন্দ্র। পোশাকের প্রদর্শনীও হচ্ছে। স্বল্প আয়ের ক্রেতাদের জন্য হকার্স মার্কেট ও ফুটপাতের বিক্রেতারা সাজিয়ে বসেছেন তাঁদের পসরা। তবে ক্রেতারা এখনো হাত খুলে কেনা শুরু না করায় বেচাকেনা এখনো তেমন জমে ওঠেনি বলে জানালেন বিক্রেতারা।গতকাল বুধবার নয়াপল্টন, শান্তিনগর ও মালিবাগ এলাকার বিপণিবিতানগুলোতে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, এখন ক্রেতারা মূলত শিশু-কিশোরদের জন্যই কেনাকাটা করছেন। চাকরিজীবী মধ্যবিত্তরাই ঈদের বাজারের প্রধান ক্রেতা। তাঁরা এখনো বেতন-বোনাস না পাওয়ায় হাত খুলে কেনাকাটা শুরু করেননি।বাজার ঘুরে দেখা গেছে, এবার পোশাকের দাম বেশ চড়া। এবারেও ঈদের বাজারে চীনে তৈরি পোশাকের একচেটিয়া প্রাধান্য। পুরুষ ও শিশুদের পোশাকের সিংহভাগই চীনের। শাড়ি ও সালোয়ার- কামিজের ক্ষেত্রে ভারতীয় পোশাকের প্রাধান্য। নয়াপল্টনের গাজী ভবনের তৈরি পোশাক বিক্রয়কেন্দ্র ‘মালিহা প্লেস ৩’-এর বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ লিটন জানালেন, এবার বাজেটে আমদানি করা পোশাকের ওপর শতকরা ৩১ ভাগ করারোপ করায় পোশাকের দাম বেড়েছে। গতবার যে শার্ট ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে, এবার তার দাম ৮০০ টাকা। গড়পড়তা দাম ৮০০ থেকে ১২০০ টাকা। ন্যারোকাট জিন্স প্যান্ট ১২০০ থেকে ১৮০০ টাকা। টি-শার্ট ৮০০ থেকে ২২০০ টাকা। গ্যাবার্ডিন প্যান্ট কমপক্ষে ১৫০০ টাকা। লিনেন শার্ট ৭০০ এবং থাইল্যান্ডের স্ট্রাইপ ক্যাজুয়াল ফুলশার্ট ১৬০০ টাকা। তরুণদের মধ্যে জনপ্রিয় হাফহাতা চেকশার্ট ৮০০ থেকে ১২০০ টাকা। শিশুদের পোশাকের দোকান ‘এ্যাডভান্টেজ’-এর বিক্রেতা আবু আবদুল্লাহ জানালেন, শিশু-কিশোরদের শার্ট-প্যান্টের সেটের দাম ৮০০ থেকে ২০০০ টাকা এবং মেয়েশিশুদের টপস, ফ্রক—এসবের দাম ৫০০ থেকে ১০০০ টাকা। ভারতের তৈরি হাফপ্যান্ট ও টপস এবং স্কার্ট ও থ্রিপিসের দাম ১০০০ থেকে ১৮০০ টাকা।দিন যাচ্ছে, কেনাকাটার ব্যস্ততাও বাড়বে। এসে যাবে ঈদের আনন্দের দিন।