বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। এমন দিনে খিচুড়ি-ইলিশ ভাজা-মাংসের ভুনা বড়ই উপাদেয়। কিন্তু তা হচ্ছে না দিনমান পানাহারবিরত থেকে সিয়াম সাধনায় আত্মনিবেদিত থাকায়।রমজানের প্রথম ১০ দিন অর্থাৎ রহমতের দশক পেরিয়ে গেল। ঈদ এসে যাবে দেখতে দেখতে। কেনাকাটা শুরু করা প্রয়োজন। কিন্তু তা-ও হচ্ছে না। বৃষ্টির বাগড়া। থমকে গেছে ঈদের বাজার। শ্রাবণের শেষ বেলার বৃষ্টিই এখন প্রধান সমস্যা। ক্রেতাদের জন্য, বিক্রেতাদের জন্যও।বিক্রেতাদের প্রস্তুতি ব্যাপক। ঢাকা মহানগরের বিপণিবিতানগুলোতে ঈদের সজ্জার আড়ম্বর। কোথাও সুদর্শন তোরণ, কোনোটিতে রঙিন রেশমি কাপড়ের অলংকরণ, কৃত্রিম ও সতেজ ফুলসজ্জাও দুর্লভ দর্শন নয়। উপরন্তু পথের মোড়ে, দোকানপাটের সামনে লটকে রাখা নানা মাপের ব্যানার। তাতে ‘ঈদের ধামাকা’। মূল্য ছাড়ের নগদ প্রলোভন। এটা কিনলে ওটা ফাউ, ‘ইন্সট্যান্ট ক্যাশব্যাক’, ক্রাচ কার্ড, বিদেশভ্রমণ, লটারি—কত্ত কী! ব্রহ্ম চাঁদি ঘুরে যাওয়ার মতো সব প্রস্তাব।নগদে হলে উত্তম, না হলেও সমস্যা নেই। বাকিতে কেনা যাবে ক্রেডিট কার্ডে বা কিস্তিতে। মুশকিল আসানের অনেক বিকল্প ব্যবস্থা আছে। দোকানে গিয়ে শুধু পছন্দ করা আর পটাপট কিনে ফেলা।এই ঈদে প্রধানত পোশাক-আশাকই প্রধান কেনাকাটার দ্রব্য। উৎসবের সঙ্গে নতুন বস্ত্রের সংযোগ নিবিড়। পরনের সুশ্রী সুবেশ মনের আনন্দকে যে পল্লবিত করে তোলে, বহুকালের অভিজ্ঞতা থেকে মানুষ তা উপলব্ধি করেছেন। সে কারণে দেশকাল, জাতিধর্ম-নির্বিশেষে উৎসবে সাজসজ্জার সংযোগটি অপরিত্যাজ্য। এতে দোষণীয় কিছু নেই। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নিত্য অভাব অনটনের ভেতর দিয়ে দিন গুজরান করেন। তাঁদের পক্ষে ঋতুতে ঋতুতে নানা উপলক্ষে নতুন পোশাক-আসাকে সজ্জিত হয়ে ধোপদুরস্ত থাকার আত্মপ্রসাদ লাভ করা সম্ভব হয় না। পোশাক তাদের কাছে লজ্জা নিবারণের সেই আদিম চাহিদার স্তরেই রয়ে গেছে, সৌন্দর্য বৃদ্ধির উপকরণে উত্তরণ ঘটেনি। ফলে ঈদের সময়ই তাঁরা বাড়ির সবার জন্য সাধ্যমতো দু-একটি নতুন পোশাক কেনার চেষ্টা করেন। এতে সাংবাৎসরিক লজ্জা নিবারণের দায় মেটে, উৎসবে নতুন পোশাক পরিধানের আনন্দ লাভও হয়। আর যাঁদের সামর্থ্য আছে তাঁরা তো কয়েক প্রস্থ কেনেনই। এ কারণেই বছরের সবচেয়ে বেশি পোশাক-আসাকের কেনাকাটা হয় ঈদুল ফিতরকে সামনে রেখে। পোশাকের অনুষঙ্গ হিসেবে পাদুকা, অলংকার, প্রসাধনী এসবও বিকোয় প্রচুর। ইদানীং তার সঙ্গে যুক্ত হয়েছে রকমারি পণ্যের সম্ভার। অবশ্য পণ্যায়িত জামানায় সেটাই সংগত। সেই সূত্রে ঈদের বাজারের অন্তর্গত হয়ে উঠেছে খাট-পালংক, আসবাব, রান্নাঘরের বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে শুরু করে সেলফোন পর্যন্ত। এ তালিকা সুদীর্ঘ, বিস্তারিত জানাতে পত্রিকার বিজ্ঞাপনে বা টিভির পর্দায় চোখ রাখুন।সবকিছু ঠিকঠাক আছে, কেবল বৃষ্টি ছাড়ার অপেক্ষা। গতকাল বৃহস্পতিবার বিপণিবিতানগুলোতে ঘুরে দেখা গেল, মেঘলা আকাশের মতোই মুখ করে আছেন বিক্রেতারা। বৃষ্টি মাথায় করে যাঁরা কেনাকাটা করতে বেরিয়েছেন, তাঁরা বেশ সমাদর পাচ্ছেন দোকানে এলেই। আবহাওয়া স্বাভাবিক থাকলে এ সময় এই বাড়তি খাতির পাওয়ার কথা ছিল না। নয়া পল্টনের গাজী ভবনের মালিহা ফ্যাশনের বিক্রয় প্রতিনিধি মো. লিটন জানালেন ‘এ সময়টায় ক্রেতাদের সঙ্গে দরদাম করারই সময় থাকে না। অথচ এবার এই যে দেখেন হাত গুটিয়ে বসে আছি।’ তার কাছে জানা গেল, এবার পোশাকের দাম বেশ চড়া। কারণ শুল্ক বৃদ্ধি। একই মন্তব্য করলেন বোরহান ট্রেডার্সের লুৎফর রহমান। এবার ঈদে চীনের তৈরি হাফ শার্টের দাম ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে, ফুল শার্ট ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা। জিনস প্যান্ট এক হাজার ৪০০ থেকে এক হাজার ৬০০ এবং গ্যাবার্ডিন প্যান্ট এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা। থাইল্যান্ডের জিনস প্যান্ট এক হাজার ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকা। শার্টপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা দাম বেড়েছে। প্যান্টের ক্ষেত্রেও তাই। ফারুক এন্টারপ্রাইজের মো. লিমন জানালেন, বাচ্চাদের পোশাকের মধ্যে ছেলেদের ‘কিডস টি-শার্ট’-এর দাম ৪০০ টাকা। এগুলো গত বছর ছিল ৩০০ টাকা। টি-শার্ট ও থ্রি কোয়ার্টার প্যান্টের সেট ৮০০ থেকে এক হাজার টাকা। বাচ্চাদের স্কার্ট-টপস সাড়ে ৮০০ টাকা। পলওয়েল মার্কেটের রিফাত ট্রেডিংয়ের আইয়ুব হোসেন জানালেন, ভারতের ডিজাইন চেক শার্টের চাহিদা বেশি। এগুলো এক হাজার থেকে দুই হাজার ৭০০ টাকা পর্যন্ত। এ ছাড়া বিভিন্ন ধরনের টি-শার্ট আছে ৫০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত।দেশি তাঁতের শাড়ি-লুঙ্গির দামও বাড়তি। সিটি হার্ট সুপার মার্কেটের শাড়ির দোকান মন ময়ূরীর স্বত্বাধিকারী আবদুল মান্নান জানালেন, সুতার দাম চড়া বলে সুতি শাড়ির দাম বেড়েছে। বিশেষ করে গত বছর টাঙ্গাইলের যেসব শাড়ি ৪০০ টাকায় বিক্রি হয়েছে এবার তার দাম সাড়ে ৫০০ টাকা। ২০০ টাকার কমে লুঙ্গি নেই, জাকাতের জন্য যে ছাপা শাড়ি গত বছর তারা বিক্রি করেছেন ২৫০ থেকে ২৮০ টাকায়, এবার তার দাম ন্যূনতম সাড়ে ৩০০ টাকা। ভারতের টিসু, জর্জেট ও নেটের শাড়ির দাম এ তুলনায় তেমন বাড়েনি। এগুলো নিম্নে দেড় হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত। তা দরদাম যা-ই হোক, প্রকৃতি এখন একটু সদয় হলেই স্বস্তি আসে ঈদের বাজারে পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতা এবং কেনাকাটায় বেরিয়ে পড়তে অধির ক্রেতাদের মনে।