ঈদের বিশেষ শাড়ির খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইলি রোডে এক শাড়ির দোকানের মালিক ক্রেতাদের যাচাই-বাছাইয়ের পর আপন মনেই বলছিলেন, ‘ডাক্তার যেমন রোগীর নাড়ি টিপে রোগ ধরার চেষ্টা করেন, ক্রেতারাও শাড়ি পছন্দ করতে কতভাবে যে দ্যাখেন, তার আর শেষ নাই।’বাঙালি নারীদের শাড়ি ছাড়া চলে না। ঈদ এলে তো কথাই নেই। লক্ষ্য থাকে ঈদের শাড়িটি যেন হয় একেবারেই অন্যরকম। সেই বিশেষ শাড়িটির খোঁজে ক্রেতারা ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। বেইলি রোডেই একজন নারী কয়েকটি দোকান ঘুরে শাড়ি পছন্দ করতে না পেরে বাইরে এসে খানিকটা আশাহত হয়েই বলেন, ‘এখানে আরেকটা দোকান আছে, দেখেই যাই কী শাড়ি আছে।’এ ধরনের ক্রেতাদের কথা চিন্তা করে ফ্যাশন হাউস ও বিপণিবিতানগুলোও প্রস্তুত। নানা ধরনের নতুন ডিজাইনের শাড়ি তুলেছে দোকানে। তবে এবার শাড়ির দাম বেশি বলে বিক্রেতারাও স্বীকার করলেন। ফ্যাশন হাউস বিবিয়ানার ব্যবস্থাপনা পরিচালক লিপি খন্দকার প্রথম আলোকে বলেন, ‘লাল, খয়েরি উৎসবের রং। বৈচিত্র্য আনতে এবার এ ধরনের রং কমিয়ে জলপাই, মেরুন, ময়ূরকণ্ঠী নীল রঙের মিশেলে শাড়ি করেছি। কয়েক ধরনের কাপড় কেটে, লেস বসিয়ে আলাদা পাড় ব্যবহার করা শাড়ি চলছে বেশি।’ বিবিয়ানায় এক হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে শাড়ি পাওয়া যাচ্ছে। ফ্যাশন হাউস রঙ-এর নকশাবিদ বিপ্লব সাহা প্রথম আলোকে বলেন, ‘তাঁতিদের বোনা শাড়িতে কারচুপি, অ্যাপলিক, লেদারের ব্যবহার করে ভিন্নতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আদিবাসীদের নকশার আঙ্গিকের ডিজাইন করা শাড়িগুলোও চলছে ভালো। তবে ঈদ যেহেতু গরমে পড়েছে, তাই শাড়ির রং ও চুমকির ব্যবহারে সাবধানতা অবলম্বন করা হয়েছে। যাতে দৃষ্টিতে প্রশান্তি আসে।’ রঙের ঈদের শাড়ির দাম ৫৫০ থেকে আট হাজার টাকার মধ্যে। শাড়ি কিনবেন আর বেইলি রোডে ক্রেতারা ঢুঁ দেবেন না, তা হয় না। গতকাল বৃহস্পতিবার বেইলি রোডে ক্রেতাদের ভিড় ছিল প্রচুর। ধানমন্ডি থেকে আসা চিকিৎসক দম্পতি হায়দার আলী খান ও আঞ্জুমান আরা এখানকার বধূয়া নামের দোকান থেকে শাড়ি কিনছিলেন। আত্মীয়দের জন্য কটন সিল্ক, টাঙ্গাইল সিল্ক, কোটা প্রিন্টসহ বিভিন্ন ধরনের শাড়ি কিনলেন। আঞ্জুমান আরা জানান, তিনি তাঁর নিজের শাড়িটি ধানমন্ডি হকার্স থেকে কিনবেন।বধূয়া দোকানের মালিক মর্ত্তুজা খান এবারের বিক্রিতে খুব একটা সন্তুষ্ট নন। তিনি বলেন, ‘বিক্রি আগের মতো না। ক্রেতার সংখ্যা অনেক কমেছে। বনানী, গুলশানের ক্রেতাদের এদিকে আসার আগ্রহ কমেছে যানজটের কারণে।’ উনিশ কুড়ি নামের দোকানের বিক্রয়কর্মী জাহিদ হাসানের মতে, শেয়ারবাজারে ধস নামার কারণে মানুষের হাতে টাকা নেই। বিক্রিতে মন্দার এটিও অন্যতম কারণ।গতকাল আজিজ সুপার মার্কেটে কে ক্রাফটের দোকানসহ বিভিন্ন দোকান থেকে শৌখিন ক্রেতারা শাড়ির খোঁজখবর নিচ্ছিলেন। নবরূপা, দোয়েল সিল্ক, মনে রেখো শাড়িজসহ বিভিন্ন শোরুমেও চলছে শাড়ির ক্রেতাদের আনাগোনা। নগরদোলা শাড়ির কুঁচি দেওয়া পোশাক এনেছে ছোট শিশুদের জন্য। হাতা কাটা ব্লাউজসহ এ পোশাক পরলে শাড়ির মতোই মনে হবে। যেসব ক্রেতার শাড়ির জন্য বাজেট কিছুটা বেশি, তাঁরা ঢুঁ দেন বসুন্ধরা মার্কেটে। এখানে ৬০ হাজার টাকা দামের শাড়িও আছে। তবে ক্রেতারা ১০ হাজার টাকা দামের মধ্যে বেশি কেনাকাটা করছেন বলে বিক্রয়কর্মীরা জানালেন। এখানকার শাড়ি ওয়ার্ল্ডের বিক্রয়কর্মী শেখ কামরুজ্জামান জানালেন, নাক ফুলের ‘রিয়েল স্টোন’ (পাথর) নেট কাপড় শাড়ির জমিনে লাগানোর ফলে দামটি বেড়ে গেছে। ক্রেপের ওপর ধারকান কাজের শাড়ি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ হাজার টাকায়। এ ছাড়া স্মোক শিফনের শাড়ি, ধুপিয়ান কাতান, অপেরা জুট কাতান, গাদোয়ান কাতান, গাড্ডি কাতানসহ বিভিন্ন শাড়ি ক্রেতারা বেশি পছন্দ করছেন। বসুন্ধরা মার্কেটে শাড়ির পাশাপাশি মাছের আকৃতি দিয়ে তৈরি ‘ফিশকাট’ লেহেঙ্গাও বিক্রি হচ্ছে।জামদানি শাড়ির কদর সব সময়ের। ডেমরা জামদানি কুটিরে ঘিয়ে রঙের জামদানি জমিনে জরির হাতের কাজের শাড়ি ৩২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বিক্রয়কর্মীরা জানালেন, এ শাড়ি তৈরি করতে দুজন কারিগরের ছয় মাস সময় লেগেছে। টাঙ্গাইল শাড়ি কুটিরে তসরের ওপর জামদানি কাজের শাড়ি বিক্রি হচ্ছে পাঁচ হাজার ৫০০ টাকায়। লাল টুকটুকে মসলিনে জরির কাজের শাড়ি, ভেজিটেবল ডাইংয়ের শাড়ি তিন হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।