দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদামতো ট্রেনের আগাম টিকিট পাচ্ছে না ঘরমুখী মানুষ। ঈদ উপলক্ষে শুরু হওয়া আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার দুপুরের আগেই কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হয়, বেশির ভাগ ট্রেনের টিকিট শেষ। এ কারণে অনেক মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে ফিরে যান। গতকাল কমলাপুর স্টেশনে অনেক যাত্রী অভিযোগ করেছেন, অভিনব পন্থায় টিকিট কালোবাজারি হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছোট ছোট পথশিশুকে লাইনে দাঁড় করিয়ে টিকিট সংগ্রহ করছেন কিছু লোক। অভিযোগ উঠেছে, এসব পথশিশু দিয়ে কেনা টিকিটই কালোবাজারে চলে যাচ্ছে।বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমানুল্লাহ জানান, তিনি ভোররাতে লাইনে দাঁড়িয়েছিলেন। লাইনে অনেক পথশিশু ছিল, আবার বিভিন্ন সময় কিছু পথশিশু এসে প্রবেশে করেছে। কিছু বলতে গেলে তারা একজোট হয়ে প্রতিবাদ করতে থাকে। তাঁর ধারণা, এরা কোনো কালোবাজারির হয়ে লাইনে দাঁড়িয়েছে। চট্টগ্রামের টিকিট কাটতে আসা অসীম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের জন্য তূর্ণা নিশীথা, মহানগর গোধূলী ও চট্টলা এক্সপ্রেসে আসন বরাদ্দ আছে এক হাজার ৭৮২টি। অথচ লাইনে ৮২ জনের পরে দাঁড়িয়ে টিকিট পাইনি।’ নারী ও প্রতিবন্ধীদের লাইনে দাঁড়ানো এক নারী বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুর ১২টার আগেই বলে দেওয়া হয়েছে, খুলনার কোনো ট্রেনের টিকিট নেই। আজ (শুক্রবার) ভোর চারটায় এসেও একই দশা হয়েছে।’ এক প্রতিবন্ধী নারী বলেন, ‘পাঁচ ঘণ্টা ধইরা দাঁড়াইয়াও টিকিট পাই নাই।’কালোবাজারি: সকাল সাড়ে নয়টা। কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট করতে আসা যাত্রীদের সাপের মতো প্যাঁচানো লাইন স্টেশন আঙ্গিনা ছাড়িয়ে গেছে। ধাক্কাধাক্কিতে লাইনের মধ্যে ঢুকে পড়ে কয়েকজন পথশিশু ও হকার। দু-একজন প্রতিবাদ করামাত্রই এই পথশিশু ও হকাররা এক জোট হয়ে প্রতিবাদকারীকে পাল্টা ধমক দিচ্ছে। একটি লাইনে দাঁড়িয়েছিল রাসেল নামের ১০ বছরের এক পথশিশু। সে জানায়, অন্য এক যাত্রীর হয়ে চট্টগ্রামের চারটি টিকিট সংগ্রহ করতে সে লাইনে দাঁড়িয়েছে। এ কাজে সে টাকা পাবে। পথশিশুটি যাঁর হয়ে টিকিট কাটতে দাঁড়িয়ে ছিল, সেই ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি দাবি করেন, তাঁর আটটি টিকিট লাগবে। তাই নিজে চারটির এবং পথশিশুটিকে চারটি টিকিটের জন্য দাঁড় করিয়েছেন। খানিক পরে দেখা গেছে, একটি টিকিট কাউন্টারের পাশে তূর্ণা নিশীথা ট্রেনের চারটি টিকিট এক হাজার টাকা হাঁকছেন এক যুবক। কাউন্টারে প্রতিটি টিকিটের দাম ১৫০ টাকা। কয়েকজন এগিয়ে এলে তিনি সটকে পড়েন। লাইনে দাঁড়ানো মো. রুবেল বলেন, ‘আমি বাসাবো এলাকায় কলা বেচে এক নম্বর টাকা কামাই। এক নম্বর টাকা দিয়ে দুই নম্বর টিকিট কিনার সামর্থ্য নাই।’ কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী দাবি করেন, টিকিট কালোবাজারি হচ্ছে না। লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের টিকিট না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘যতক্ষণ টিকিট থাকে ততক্ষণ তো আমরাই বিক্রি করি। শেষ হয়ে গেলে কি করব।’