ঈদের সবই মেলে পুরান ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার দুপুর। রাজধানীর সায়েদাবাদ থেকে টিকাটুলী হয়ে গুলিস্তানগামী সড়কে তীব্র যানজট। গুলিস্তান থেকে জয়কালী মন্দিরের পাশে ওয়ারী র‌্যাংকিন স্ট্রিটের দিকে গিয়ে আরও খারাপ অবস্থা। পুরো এলাকায় যানবাহনের পাশাপাশি মানুষের ঢল। তার ওপর ইলিশেগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এ পরিস্থিতির কারণ মূলত ঈদের বাজার। এ এলাকায় ব্যবসায়ীর সংখ্যা বেশি। আবার উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্তসহ প্রায় সব শ্রেণী-পেশার মানুষের সহাবস্থান এখানে। এ কারণে রমজানের শুরু থেকেই এখানকার বিপণিবিতানগুলোতে ঈদের বেচাকেনা চলে জমজমাট। সামনেই যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণকাজ চলছে। রাস্তার বেশির ভাগ অংশই বন্ধ। তবু রাজধানী মার্কেট লোকারণ্য। মূলত মধ্যবিত্তরাই এখানে কেনাকাটা করেন। ক্রেতা-বিক্রেতা উভয়ের মন্তব্য, এখানে দাম তুলনামূলক কম। চাহিদানুযায়ী জিনিস পাওয়া যায়। সব বয়সী নারী-পুরুষ ও শিশুর পোশাকের সমাহার এই রাজধানী মার্কেটে। এ ছাড়া জুতা, অলংকার, থানকাপড়সহ সংসারের টুকিটাকি জিনিসও পাওয়া যায়। নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে অনেক হকার আবার সুযোগ করে বসে গেছে ফাঁকফোকরে। চুড়ি-ফিতা থেকে শুরু করে নানা রকম গয়না মিলছে সেখানে। আদিব ও মালিহাকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন ওয়ারীর পারভিন আক্তার। বললেন, ‘আগে আমাদের মৌচাক কিংবা গাউছিয়া মার্কেটে যেতে হতো। এখন আর অত দূর যাওয়া লাগে না। এখানে দামও তুলনামূলক কম। বাচ্চাদের নিয়ে দূরে মার্কেটে যাওয়ার যন্ত্রণা থেকেও নিস্তার পাওয়া গেল।’ স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী শুভ বলেন, ‘রাজধানী মার্কেটের আশপাশেই ছেলেদের জামা-কাপড়ের অভিজাত দোকান রয়েছে। রেক্স, প্লাস পয়েন্টের মতো দোকান থেকেই আমরা কেনাকাটা সারি।’ গৃহিণী রুবি আক্তার বলেন, ‘অন্য কোনো মার্কেটে এতটা স্বস্তি পাই না। বাসার কাছে বলে এখানে বাজার করলে সময়ও বেঁচে যায়।’ ওয়ারীতে অভিজাত বিপণিবিতান: একসময়ের ঐতিহ্যবাহী আবাসিক এলাকা ওয়ারীকে এখন আর শুধু আবাসিক এলাকা বলা যাবে না। ওয়ারীতে সাম্প্রতিক বছরগুলোতে গড়ে উঠেছে বেশ কিছু অভিজাত বিপণিবিতান। আগে যেগুলো ছিল, তার পরিসর আরও বাড়ছে। এবার ঈদ উপলক্ষে এগুলো নতুনভাবে সেজেছে। পাওয়া যাচ্ছে হরেক রকমের পণ্যসামগ্রী। আড়ং, নবরূপা, রূপসী বাংলা, বৈশাখী, নিপুণ, আবর্তন, ক্যাটস আই, ইয়োলো প্রভৃতি দোকানে উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের যাতায়াত বেশি। র‌্যাংকিন স্ট্রিটে বাটা শু একটি বড় শোরুম চালু করেছে কয়েক বছর আগে। সবগুলো দোকানেই দারুণ ভিড় দেখা গেল গতকাল। লালমোহন সাহা স্ট্রিট এলাকার বাসিন্দা হাসান ও হোসেন ওয়ারীতে এসেছেন কেনাকাটা করতে। বড় ভাই হাসান বলেন, ‘কয়েক বছর ধরে আমরা ওয়ারীর এই দোকানগুলো থেকেই ঈদের পাঞ্জাবি কিনি। কারণ এখানেই অভিজাত বিপণিবিতানগুলোর শাখা রয়েছে। এখন জুতা, প্যান্টও কিনছি এখান থেকে।’ বেলা ১১টায় ওয়ারীর আড়ংয়ে দেখা গেল উপচে পড়া ভিড়। স্বামীর জন্য পাঞ্জাবি কিনেছিলেন মাহবুবা লিপি। আকারে মেলেনি বলে পাল্টাতে এসেছেন। বললেন, ‘হেঁটেই চলে এসেছি।’ ওয়ারী থেকে ধোলাইখাল পেরিয়ে যাওয়া যায় সদরঘাটে। এখানে দেখা গেল ফুটপাতের ব্যবসা বেশ জমজমাট। নতুন জামার পাশাপাশি ওয়াইজঘাট এলাকায় পুরান জামাকাপড়ও বিক্রি হয়। বেচাকেনাও বেশ ভালো। ৭০ থেকে ২০০ টাকায় নারী, পুরুষ ও শিশুদের পোশাক পাওয়া যায় বলে জানালেন ফুটপাতের বিক্রেতা শাহিন। ওয়াইজঘাটে জামা কিনতে আসা রিকশাচালক মুমিনুল হক জানান, ছেলের জন্য ১২০ টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছেন। সামর্থ্যের মধ্যে জিনিস পাওয়া যায় বলে এখানেই ঈদের কেনাকাটা করেন।সদরঘাট এলাকায় কিছু বিপণিবিতানও আছে। এগুলোতে কেনাকাটা করতে আসেন মূলত গেন্ডারিয়া, লক্ষ্মীবাজার, কলতাবাজার, জিন্দাবাজার, ইসলামপুর, তাঁতীবাজার এলাকার বাসিন্দারা।