ঈদের সেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ঈদ এখন আমরা পালন করছি, তা আমাদের এখানে ঈদুল আজহা বা কোরবানির ঈদ হিসেবে পরিচিত। তবে সাধারণ মানুষের কাছে এ ঈদের আরেক নাম বকরি ঈদ। কোরবানির ঈদ না-হয় বোঝা গেল কিন্তু বকরি ঈদ? অনেকের ধারণা, সূরা বাকারা থেকে বকরি শব্দটি চালু হয়েছে। সূরা বাকারায় গাভি সম্পর্কে বলা হয়েছে বটে তবে তা অন্য প্রসঙ্গে, ঈদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এর কারণ অন্য। ১০০ বা ১৫০ বছর আগে বাংলাদেশে গরু কোরবানি দেওয়া ছিল প্রায় অসম্ভব। কোরবানি যদি কেউ দিতেন তা হলে খাসি বা ছাগলই দিতেন। হিন্দু জমিদারের এলাকায় গরু কোরবানি নিষিদ্ধ ছিল। ‘বকারা’ মানে গাভি। আরবি এই শব্দটির বিকৃত রূপ ‘বকরি’। কিন্তু, গরু যেহেতু কোরবানি দেওয়া সম্ভব নয়, কোরবানি দেওয়া হচ্ছে ছাগল, তাই বকরি মানে দাঁড়িয়ে গেল ছাগল। আবুল মনসুর আহমদের আত্মজীবনীতে এর ইঙ্গিত পাওয়া যায়। ১০০-১৫০ বছর আগের ঈদ সম্পর্কে তিনি লিখেছিলেন, ‘বকারা ঈদে গরু কোরবানি কেউ করিত না। জমিদারদের তরফ হইতে ইহা কড়াকড়িভাবে নিষিদ্ধ ছিল। খালি বকরি কোরবানি করা চলিত। লোকেরা করিতও তা প্রচুর।’আরও আগের বিবরণ দেখি। মোগল যুগে। ইসলাম খাঁ ১৬১০ সালে ঢাকায় যখন বাংলার রাজধানী স্থাপন করেন, তখন তাঁর সঙ্গে এসেছিলেন ইহতিমাস খান ও তাঁর ছেলে মির্জা নাথান। কোরবানির ঈদের সময় তাঁরা ছিলেন হবিগঞ্জের পুটিয়াতে। নাথান লিখেছেন, ঈদের দিন তিনি শ্রদ্ধা জানাতে প্রথমে তাঁর বাবার কাছে গেলেন, তারপর দুজন মিলে গেলেন ওমরাহ শাদাত খাঁর কাছে। ঈদ উপলক্ষে শাদাত আয়োজন করেছিলেন ভোজের। পরদিন ইহতিমাস খাঁও আয়োজন করেছিলেন ভোজের। পানাহারের প্রাচুর্য ছিল। মেহমানদের বিভিন্ন ধরনের খানা, মিষ্টি এবং বিশেষ জাতের আপেল দিয়ে আপ্যায়িত করা হয়েছিল।এখানে উল্লেখ্য যে, কোরবানির কোনো কথা নাথান উল্লেখ করেননি। পরের বছর ঈদুল আজহার সময়ও নাথান ছিলেন বাংলাদেশে। ঈদের দিনের বর্ণনা করেছেন তিনি এভাবে, কোরবানির দিন সব অফিসাররা গেলেন নামাজ পড়তে। ইমামকে বলে দেওয়া হয়েছিল, তিনি যেন খুতবার সময় বলেন—নুরুদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ এবং আবুল মুজাফফর শাহজাহান বাদশাহ, গাজি বিন নুরুদ্দিন মুহম্মদ জাহাঙ্গীর বাদশাহ। খুতবার সময় ইমাম তা-ই বললে আনন্দে নাথান তাঁর সোনার সুতার কাজ করা আলখাল্লাটি দিয়ে দিয়েছিলেন ইমামকে। এবং তাঁর সামনে ছড়িয়ে দিয়েছিলেন ৫০০ টাকার রেজগি। অনেকে তা কুড়িয়ে নিয়েছিল, শুভেচ্ছাবাণী স্পর্শ করেছিল দিগন্ত। তারপর ঘরে ফিরে নাথান দিয়েছিলেন কোরবানি। রাতে বসেছিল গল্প-বলিয়ে, গায়ক-গায়িকা ও নর্তকিদের আসর।আবদুর রহিম এ পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন, ‘ফলে দেখা যায় যে মুসলমানদের মধ্যে বিরাট আনন্দ-উৎসব ও ভ্রাতৃসুলভ মনোভাবের ভিতর দিয়ে মুসলিম শাসনামলে ঈদ উৎসবগুলো উদ্যাপিত হতো।’আবদুর রহিমের এ ব্যাখ্যা ভ্রান্ত। কারণ, যে ঈদ পালনের বিবরণ দিয়ে গেছেন নাথান, তা ছিল বহিরাগত রইসদের ঈদ পালন, যার সঙ্গে সাধারণের বিন্দুমাত্র সম্পর্ক ছিল না।এর পর থেকে উনিশ শতক পর্যন্ত ঈদুল আজহার আর কোনো বিবরণ পাইনি। অবশ্য ফরায়েজি আন্দোলনের আগে বাংলাদেশের সাধারণ মানুষ এ নিয়ে মাথা ঘামাত কি না সন্দেহ।দেড়শ-দুই শ বছর আগে ঈদ মুসলমানদের প্রধান উৎসব হিসেবে তেমনভাবে পালিত না হওয়ার কারণ ছিল সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়া, বিত্তহীনতা বা দারিদ্র্য এবং ঘটনার সমারোহ না থাকা। দুটি ঈদেরই প্রধান বৈশিষ্ট্য ছিল মাঠে গিয়ে নামাজ পড়া এবং তারপর খাওয়া। আবুল মনসুর আহমদ তাঁর আত্মজীবনীতে জানিয়েছেন, ‘মোহররম পর্বে আমাদের বাড়িতে এত ধুমধাড়াক্কা হইলেও দুই ঈদে কিন্তু অমন কিছু হইত না। বকরি ঈদে প্রথম প্রথম দুই-তিনটা ও পরে মাত্র একটা গরু কোরবানি হইত।’ এটি ছিল উনিশ শতকের শেষ দশকের কথা।বিশুদ্ধ ইসলাম সম্পর্কে জ্ঞান ছিল না তৃণমূল পর্যায়ের মানুষের। অনেক মুসলমান হিন্দুদের মতো গরুও অর্চনা করত। ফরায়েজি আন্দোলনের পর এসব রীতিনীতির পরিবর্তন হতে থাকে।বিশুদ্ধ ইসলাম সম্পর্কে অজ্ঞ ছিল সাধারণ মানুষ, যার দু-একটি উদাহরণ আগেই দিয়েছি। কোরবানি ঈদের পরিপ্রেক্ষিতে এ ধরনের আরেকটি সংস্কারের কথা উল্লেখ করছি। পৌষসংক্রান্তিতে গরুর পূজা করা ছিল কোনো কোনো অঞ্চলে মুসলমানদের উৎসবের অঙ্গ। কৃষ্ণকুমার দত্ত লিখেছেন, ‘প্রাতঃকালে প্রত্যেক বাড়িতে হিন্দু মুসলমান সকলেই গরুগুলিকে স্নান করাইত; গরুর শিং সিঁদুর দ্বারা রঞ্জিত করিত। গরুর গাত্রে মাটির খুরি দ্বারা পিঠাপুলির ছাপ দেওয়া হইত। গরুগুলি চিতৈ পিঠা পরমানন্দে রোমন্থন করিত। ইহার পর গরু চরাইতে মাঠে যাইতাম।’এ অবস্থার পরিবর্তন এনেছিল ফরায়েজি আন্দোলন। এর আগে ইসলাম ধর্মে লোকজ উপাদানের আধিপত্য ছিল বেশি, অনেক ক্ষেত্রে হিন্দু রীতিনীতি। এখনো যে একেবারে নেই, তা নয়। তবে ফরায়েজি আন্দোলন এতে সৃষ্টি করেছিল প্রবল অভিঘাতের। এ সময়ই বিশুদ্ধ ইসলাম সম্পর্কে মুসলমানদের ধারণা স্পষ্ট হতে থাকে।উপর্যুক্ত বর্ণনা থেকে আন্দাজ পাওয়া যায়, উনিশ শতকের প্রথম ৭০-৮০ বছর কেন কোরবানি নিয়ে লোকের তেমন কোনো মাথাব্যথা ছিল না। কিন্তু এ অবস্থা চলেনি বেশি দিন। ফরায়েজি আন্দোলন, বিভিন্ন প্রচারকের প্রচার, ওয়াজ-মাহফিল আঞ্জুমানসমূহের কার্যকলাপের ফলে এ ধরনের অনেক সংস্কার বিলুপ্ত হয়েছিল মুসলমানদের মন থেকে। এবং তখন কোরবানি, বিশেষ করে ঈদুল আজহায় গরু কোরবানির ব্যাপারটি বাংলায় এক বিতর্কিত বিষয় হয়েছিল। আজকে আমরা ঈদুল আজহায় অনায়াসে গরু [বা অন্য কিছু] কিনে এনে সহজেই কোরবানি দিয়ে ফেলি। ৮০, ১০০ দূরে থাকুক, ৫০ বছর আগেও তা তেমন সহজসাধ্য ছিল না। আজকের প্রজন্ম হয়তো অবাক হবে যে এ নিয়ে সুদীর্ঘ ৫০ বছর বিতর্ক চলেছে। এবং কোরবানি, বিশেষ করে গরু কোরবানি দেওয়ার অধিকার আমাদের বাপ-দাদাদের লড়াই করে আদায় করতে হয়েছিল।১৮৯২ সালে দয়ানন্দ সরস্বতী ‘গোহত্যা নিবারণী’ সভা স্থাপন করলে শুরু হয় বিতর্ক। সারা ভারতে গরু কোরবানির বিপক্ষে প্রচার শুরু হয়। পূর্ববঙ্গে এর ঢেউ এসে লাগে। এখানে তখন অনেকে গরু কোরবানি শুরু করেছেন। মীর মশাররফ হোসেন গরু কোরবানির বিপক্ষে লেখা শুরু করেন। আর কোরবানির পক্ষে লেখা শুরু করেন মৌলভী নঈমুদ্দীন। পত্রপত্রিকায়ও বিতর্ক শুরু হয়। তবে, বিশ শতকের ত্রিশের দশক থেকে কোরবানি দেওয়ার ওপর বাধা-নিষেধ কমতে থাকে। ১৯৪৭ সালে পাকিস্তান হওয়ার পর থেকে অবাধে কোরবানি চলতে থাকে।একটি বিষয় উল্লেখ্য, কোরবানি সামান্যসংখ্যক বিত্তবানদের পক্ষেই দেওয়া সম্ভব ছিল। এখনো লোকসংখ্যার হিসাব ধরলে বিত্তবান ও মধ্যবিত্তই কোরবানি দেয়, বিপুলসংখ্যক নয়।রমজান যে খুশির ঈদ আনে, সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। কারণ, অধিকাংশ মানুষ অনেক কষ্টে দুই বেলা খাবার জোগাড় করতে পারে মাত্র। ঈদুল ফিতর সাধারণ মানুষের জন্য ভালো খাবার নয়, নতুন কাপড়চোপড়ও নয়। তাদের ঈদ সম্ভব হলে জামাতে গিয়ে নামাজ পড়া এবং ঈদুল আজহাও তা-ই। জামাত থেকে ফিরে এসে বিত্তহীনদের বিত্তবানের বিলিয়ে দেওয়া মাংসের জন্য অপেক্ষা। উৎসব সর্বজনীন হয়ে ওঠে তখনই, যখন বিত্ত বণ্টনে আসে সামঞ্জস্য। তা না হলে এ ধরনের ধর্মীয় উৎসবেরও মূল আবেদন হ্রাস পায়, ধর্ম পালন হয় না, ধর্ম ব্যবহূত হয় শুধু আত্মপ্রদর্শনের হাতিয়ারে।