ঈশা খাঁর রাজধানীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনই ঢাকা ও ঢাকার আশপাশের এলাকা থেকে শতাধিক পর্যটক ছুটে আসেন সোনারগাঁয়ের সৌন্দর্য উপভোগ করতে। ঢাকা থেকে মাত্র ঘণ্টা দুয়েকের পথ পেরোলেই পৌঁছে যাবেন ঈশা খাঁর রাজধানী সোনারগাঁয়ে। জামদানি আর মসলিনের এই আঁতুড়ঘরে ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগের পাশাপাশি পছন্দের কেনাকাটাও সেরে ফেলতে পারেন।সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের তথ্য প্রদানকারী কর্মকর্তা রবিউল ইসলাম জানালেন, ১৯৭৫ সালের ১২ মার্চ সোনারগাঁয়ে বাংলাদেশের প্রথম লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্নের এই প্রকল্পে ১৯৮১ সালে লোক ও কারুশিল্প জাদুঘর স্থাপন করা হয়। ১৯৯৬ সালে স্থাপন করা হয় শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর।বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে শীতের শুরুতে সোনারগাঁয়ে দর্শনার্থীদের ভিড়টা একটু বেশিই থাকে। ১০ টাকার টিকিটের বিনিমিয়ে সোনারগাঁ জাদুঘর প্রাঙ্গণে ঢোকার পর শিল্পাচার্য জয়নুলের আবক্ষ মূর্তির দেখা মিলবে। শিল্পাচার্যের নামে এখানে যে লোক ও কারুশিল্প জাদুঘর করা হয়েছে, সেখানে দুটি বড় গ্যালারি রয়েছে। দোতলা এই জাদুঘরের নিচতলায় রয়েছে কাঠ ও কাঠের শিল্পকর্মের গ্যালারি। ওপরতলায় রয়েছে বাংলার ঐতিহ্যবাহী জামদানি ও নকশিকাঁথার প্রদর্শনী। প্রায় চার হাজার ৩০০টি সংগৃহীত নিদর্শন রয়েছে এখানে।জাদুঘরে প্রদর্শিত জামদানি ও নকশিকাঁথা দেখে সেগুলো কেনার লোভ হলে চলে আসতে পারেন কারুপল্লি মার্কেটে। কারুপল্লি মার্কেটে শণের ছাউনি আর মাটির দেয়ালে গাঁথা কুঁড়েঘরগুলো সাজানো বিচিত্র রঙের উপহারসামগ্রী আর খেলনা দিয়ে। পাট ও পাটজাত দ্রব্যাদি এখানে সুলভে মিলবে। এখান থেকে কিনতে পারেন পাঞ্জাবি, ফতুয়া কিংবা থ্রি পিস, শাড়ি। কারুপল্লিতে জামদানি ও বেনারসির গাঁথুনি এবং কাপড়ের বুনন দেখলেই বোঝা যায়, কতটা নিপুণ বস্ত্রশিল্পীদের হাত।সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের পাশেই আছে পানাম নগর। পথের ধারে শতবর্ষের পুরোনো সারি সারি বাড়িগুলোর ওপর চোখ বুলালে মনটা ভালো না হয়ে পারে না।বিনোদনের জন্য ঢাকাবাসী সোনারগাঁয়ে যেতে চাইলে গুলিস্তান অথবা নিউমার্কেটের সামনে থেকে উঠতে পারেন বোরাক পরিবহনের বাসে। বাসগুলো আপনাকে সোনারগাঁয়ের মোড় পর্যন্ত নিয়ে যাবে। বাস থেকে নেমে হাতের বাঁ দিকে মাত্র দুই কিলোমিটার এগোলেই পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যে। তবে যাওয়ার আগে জেনে রাখা ভালো, সকাল থেকে বিকেল পাঁচটা অবধি সোনারগাঁ জাদুঘরের ফটক খোলা থাকে। রাস্তার যানজট এড়াতে সকাল সকালই রওনা হওয়া বুদ্ধিমানের কাজ হবে। ইচ্ছে হলে দলবেঁধেও যেতে পারেন বেড়াতে। সে ক্ষেত্রে সোনারগাঁয়ের চারটি পিকনিক স্পটে বসে বনভোজনের মজাটাও উপভোগ করতে পারেন। এ ছাড়া জাদুঘর কর্তৃপক্ষ মাসব্যাপী বা পক্ষব্যাপী বিভিন্ন মেলা এবং প্রদর্শনীর আয়োজন করে থাকে। যেমন এই ডিসেম্বরে বিজয় উৎসবের মেলা চলবে মাসের শেষ দিন পর্যন্ত।