ঈশ্বরদী ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) আজ রোববার সকাল থেকে শ্রমিক ও পুলিশের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ২০০ শ্রমিক ও পুলিশের ৫০ জন সদস্য আহত হয়েছেন। সকাল আটটা থেকে দুটি কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবি আদায়ের জন্য বিক্ষোভ ও ভাঙচুর করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের এই সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ৫০টি গুলি ছোড়ে। আহত শ্রমিকদের ঈশ্বরদী ও পাকশী ইপিজেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন জানান, ইপিজেড এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করায় পরিস্থিতি এখন শান্ত। তিনি দাবি করেন, সংঘর্ষে পুলিশের ৫০ জন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪০ জনকে আটক করেছে। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা ইপিজেডের মেগাটেক্স নামে একটি কারখানায় আগুন ধরিয়ে দেন। সংঘর্ষের খবর পেয়ে রাজশাহী ও পাবনা থেকে ১০ প্লাটুন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ছাড়া ইপিজেড এলাকায় র‌্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।