ঈশ্বরদী থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরদী জংশনে ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনা-ঢাকা, পার্বতীপুর-খুলনা, রাজশাহী-রাজবাড়ী, রাজশাহী-খুলনাসহ বিভিন্ন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্টেশন থেকে ৫০০ মিটার দূরে রেল ইয়ার্ডে একটি তেলবাহী রেলগাড়ি লাইনচ্যুত হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, এ সময় তেলবাহী ট্রেনের তিনটি লরি লাইন থেকে নিচে পড়ে যায়। পাকশী বিভাগীয় রেলওয়ে সদর দপ্তরে পরিবহন কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস বলেন, তেলবাহী ট্রেনের তিনটি লরি লাইন থেকে ছিঁটকে পড়ে যাওয়ায় রেললাইন বাঁকা হয়ে যায়। এ ছাড়া মালবাহী লরির চাকায় সমস্যা দেখা দেয়। পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) পঙ্কজ কুমার জানান, ঈশ্বরদী থেকে ট্রেন এনে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এ ছাড়া নষ্ট হয়ে যাওয়া রেললাইন বাতিল করে নতুন রেললাইন স্থাপন করা হচ্ছে। তিনি আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।