ঈশ্বরদীতে অজ্ঞান পার্টির খপ্পরে ট্রেনযাত্রীর মৃত্যু
ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে অজ্ঞান পার্টির কবলে পড়ে মাসুদুর রহমান মণ্ডল (৩৫) নামের এক যাত্রী মারা গেছেন। আজ শুক্রবার ভোরে ঈশ্বরদী জিআরপি পুলিশ মাসুদুরকে অচেতন অবস্থায় ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার কুড়াল গাজী গ্রামে। তিনি ঢাকার আবুল খায়ের স্টিল মিলে চাকরি করতেন। ঈশ্বরদী রেল পুলিশ জানায়, বাড়ি ফেরার উদ্দেশ্যে গতকাল রাতে মাসুদুর ঢাকা থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনে টহল পুলিশ খুলনা জিআরপির এসআই ফিরোজ জানান, ট্রেনে যাত্রীবেশে অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে মাসুদুর অসুস্থ হয়ে পড়েন। মাসুদুরকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিকিত্সার জন্য জিআরপি পুলিশ ঈশ্বরদী স্টেশনে তাঁকে নামিয়ে নেয়। পরে ঈশ্বরদী জিআরপি পুলিশের সহযোগিতায় মাসুদুরকে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হলে ভোরে তাঁর মৃত্যু হয়। পুলিশ আরও জানায়, তিন মাসের বেতন পেয়ে মাসুদুর বাড়ি যাচ্ছিলেন। মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর আত্মীয়স্বজনেরা সকালে ঈশ্বরদী আসেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।