ঈশ্বরদীতে চাকরিহারা শ্রমিকদের অনশন
চাকরিতে পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে পাবনার ঈশ্বরদী ইপিজেডের রোশিতা নিটওয়্যার লিমিটেড ও মেগাটেক্স নিটার্স লিমিটেডের চাকরি হারানো শ্রমিকেরা অনশন কর্মসূচি পালন করছেন। আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদী শহরের মাহবুব খান স্মৃতি মঞ্চে তাঁরা ১০ ঘণ্টার অনশন শুরু করেন। অনশন শুরুর আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রোশিতা শ্রমিককল্যাণ সমিতির সভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি আকাশ মাহমুদ ও মেগাটেক্স শ্রমিককল্যাণ সমিতির সভাপতি বেলাল হোসেন। এ সময় তাঁরা জানান, রোশিতা ও মেগাটেক্স কারখানায় বার্ষিক অর্জিত ছুটির টাকা দেওয়ার দাবিতে এবং বিনা নামের একজন শ্রমিককে নির্যাতনের প্রতিবাদে গত ৩০ জানুয়ারি ঈশ্বরদী ইপিজেডে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও আন্দোলন হয়। তখন পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় গত ফেব্রুয়ারি মাসে কারখানা কর্তৃপক্ষ ২৯১ জন শ্রমিককে চাকরিচ্যুত করে এবং শ্রমিকদের নামে ছয়টি মামলা দেয়। অনেকে সাজা খেটে বেরিয়ে এলেও তাঁদের মামলা প্রত্যাহার করা হয়নি। চাকরিহারা ওই শ্রমিকেরা মামলা চালাতে গিয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন।অনশনপূর্ব সমাবেশে হুমকি দেওয়া হয়, চাকরিচ্যুত শ্রমিকদের অবিলম্বে কাজে বহাল করা না হলে আবারও ইপিজেডে আন্দোলন গড়ে তোলা হবে এবং অনির্দিষ্টকালের অনশনের ঘোষণা দেওয়া হবে।মেগাটেক্স কারখানার মহাব্যবস্থাপক আমির হোসেন জানান, ‘শ্রমিকেরা অযৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। এই শ্রমিকেরা এর আগে বেশ কয়েকবার কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছেন।’