ঈশ্বরদীতে ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী থেকে জয়দেবপুরগামী একটি যাত্রীবাহী ট্রেনের সব বগি লাইনচ্যুত হয়ে ১০ জন যাত্রী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের লোকো শেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঈশ্বরদীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ কয়েক ঘণ্টা বন্ধ ছিল। দুপুরের পর রেল চলাচল স্বাভাবিক হয়ে আসে। ট্রেনের পরিচালক (গার্ড) শফিউল আজম জানান, ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ছেড়ে আসা ৫৫১ জয়দেবপুর লোকাল নামের ওই ট্রেনটি ঢাকা-জয়দেবপুরের উদ্দেশে রওনা হয়। স্টেশনের লোকো শেড এলাকায় পৌঁছার পর ট্রেনের সব বগি লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনের তেলের ট্যাঙ্ক ফেটে সব তেল বের হয়ে আগুন লেগে যায়। পরে লাইনের পাত বাঁকা হয়ে স্লিপার ভেঙে যায়। এ সময় ট্রেনে পাঁচ শতাধিক যাত্রী ছিল। এর মধ্যে ১০ জন যাত্রী আহত হয়। মুঠোফোনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ঘটনা জানানো হলে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেন। পরে রেলওয়ের উদ্ধার কর্মীরা এসে আগুন নেভান। দুপুর সাড়ে তিনটা পর্যন্ত চেষ্টা চালানোর পর তাঁরা ট্রেনের বগিগুলো উদ্ধার করতে সক্ষম হয়। ট্রেনের চালক ফজের আলী অভিযোগ করে বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর তিনি লাইনের ফিশপ্লেট খোলা অবস্থায় দেখতে পান। এ সময় লাইনে একটি পিনও ছিল না। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) পঙ্কজ কুমার সাহা প্রথম আলো ডটকমকে বলেন, নাশকতা ঘটানোর জন্য কেউ গভীর রাতে রেললাইনের ফিশপ্লে¬ট ও পিন খুলে রাখতে পারে। তিনি বলেন, গতি কম থাকায় ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এ ব্যাপারে বিভাগীয় প্রকৌশলী (২) পাকশী আহমেদ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।