ঈশ্বরদীতে নৌকাডুবিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে পদ্মার শাখা নদীতে নৌকা ডুবিতে দুইজন ক্ষেত মজুরের (কৃষক) মৃত্যু হয়েছে। অপর এক যাত্রী নিঁখোজ রয়েছে। ধারণক্ষমতার তুলনায় তিনগুণ যাত্রী তোলায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে উদ্ধার হওয়া যাত্রীরা দাবি করেছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নৌকার মাঝি ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দুপুরে নদী থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিঁখোজ অপর যাত্রীর সন্ধান পাওয়া যায়নি।নৌকাডুবিতে নিহতরা হলেন, সেলিম প্রামানিক (২৭) ও সেকেনদার প্রামাণিক (২৮)। নিঁখোজ যাত্রী হলেন, নিহত সেলিমের ভাই মিন্টু প্রামাণিক (২৪)। পেশায় তারা সবাই ক্ষেত মজুর (কৃষক)। ঘাটের নৌকার মাঝি রুবেল প্রামাণিক সহ প্রত্যক্ষদর্শীরা বলেন , নৌকাটি ছিল মাঝারি সাইজের। নৌকায় ৬০ থেকে ৬৫ জন ক্ষেত মজুর ১৫ বস্তা পেঁয়াজের বীজ নিয়ে ওঠেন। মাঝ নদীতে এসে অতিরিক্ত স্রোতের কবলে পড়ে নৌকাটি। এ সময় নৌকার একদিকে কাত হয়ে অপর দিক থেকে পানি উঠতে থাকে। এক পর্যায়ে যাত্রীদের তাড়াহুড়োয় নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। ডুবে যাওয়া অধিকাংশ যাত্রীরা সাঁতার কেটে নদীর পাড়ে উঠে আত্মরক্ষা করে এবং ঘাটের অন্য মাঝিরা এসে অনেককে উদ্ধার করে। উদ্ধার হওয়া নৌকা যাত্রীরা দাবি করেন, ধারণক্ষমতার তিনগুণ অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকা ডুবি হয়েছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, নিঁখোজ দুই যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ডুবুরি ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ একজনকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।