ঈশ্বরদীতে বয়লার বিস্ফোরণে একজন নিহত
পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকার একটি ধান মিলে বয়লার বিস্ফোরণে আজ শুক্রবার সকালে রানু হোসেন (৩৬) নামের এক শ্রমিক নিহত ও দুজন আহত হন। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে জয়নগর এলাকার আইকে সড়কের মারুফ আল মাহমুদের ধান মিলে কয়েকজন শ্রমিক ধান সিদ্ধ করছিল। এ সময় বিকট শব্দে ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই রানু হোসেন মারা যায়। গুরুতর আহত অবস্থায় অপর দুই শ্রমিক দেলোয়ার হোসেন (৪২) ও আশরাফুল ইসলামকে (৩৮) প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হতাহতের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার ধুলাউড়ি গ্রামে। নিহতের লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।