ঈশ্বরদীতে যৌন হয়রানির দায়ে দুই যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পাবনার ঈশ্বরদীতে দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ আজ শনিবার দুপুরে থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম জানান, এসএম স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর সঙ্গে এক বছর আগে শহরের শৈলবাড়িয়া এলাকার আহমেদ আলী সরকারের ছেলে আল-আমিনের বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে গত নভেম্বরে ওই ছাত্রী তাঁর স্বামীকে তালাক দেন। স্ত্রীকে ফিরে পেতে আল-আমিন পাবনার আদালতে মামলা করলে বিচারক মামলাটি খারিজ করে দেন।এরপর থেকে কলেজে যাতায়াতের সময় ওই ছাত্রীকে আল-আমিন বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল শুক্রবারও আল-আমিন যথারীতি উত্ত্যক্ত করায় ছাত্রীটি ঈশ্বরদী থানার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেন। পুলিশ আজ সকালে আল-আমিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে আসে। আদালত আল-আমিনকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন।ঈশ্বরদী বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে শৈলবাড়িয়া এলাকার আনসার আলী সরকারের ছেলে নয়ন উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশ নয়নকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন।দুপুরে দুই যুবককে পাবনা কারাগারে পাঠানো হয়।