ঈশ্বরদীতে শৈত্যপ্রবাহে ৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈত্যপ্রবাহ ও তীব্র শীতের কারণে ঈশ্বরদীতে জনজীবন অচল হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার ঈশ্বরদীর পাকশী দিয়াড় বাঘইল ও ফতে মোহাম্মদপুরে শীতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।মৃত ব্যক্তিরা হলেন—দিয়াড় বাঘইল গ্রামের আবদুল গফুর (৮০), ফতে মোহাম্মদপুর এলাকার রিকশাচালক ভোলা (৬৫), প্রতিবন্ধী কালাম (৫৫) ও দিনমজুর সাবান আলী (৭৬)।পাকশী রেলওয়ে হাসপাতালের সহকারী সার্জন এস কে রায় জানান, দিয়াড় বাঘইল গ্রামের বাসিন্দা আবদুল গফুর গতকাল বৃহস্পতিবার রাতে প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে চিকিত্সা দেওয়া হলেও আজ শুক্রবার সকালে তিনি মারা যান।এ ছাড়া গতকাল রাতে ফতে মোহাম্মদপুর এলাকার রিকশাচালক ভোলা (৬৫), প্রতিবন্ধী কালাম (৫৫) ও দিনমজুর সাবান আলী (৭৬) প্রচণ্ড শীতে মারা গেছেন বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে খোঁজ নিয়ে জানা যায়, ঠান্ডায় অসুস্থ হওয়া রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এর মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। গত কয়েক দিন ধরেই ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল । ১২ জানুয়ারি বুধবার ঈশ্বরদীতে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।