ঈশ্বরদীর গ্রামে গরু চুরি হচ্ছে, রাত জেগে পাহারা
ঈশ্বরদীর বিভিন্ন গ্রামে কৃষকদের গোয়ালের গরু চুরি হয়ে যাচ্ছে। সংঘবদ্ধ চোরেরা এসব গরু চুরি করে জেলার বাইরে বিভিন্ন হাটবাজারে বিক্রি করে দিচ্ছে। আশঙ্কাজনক হারে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা রাত জেগে গরু পাহারা দিচ্ছেন। গত দুই মাসে শতাধিক গরু চুরির খবর পাওয়া গেছে। পুলিশ উদ্ধার করেছে মোট ২৬টি গরু। পুলিশ ও তথ্যানুসন্ধ্যানে জানা গেছে, ঈশ্বরদীর লক্ষিকুণ্ডা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে সংঘবদ্ধ গরু চোরদের বিশাল একটি চক্র রয়েছে। সেখানে গত ছয় মাস আগে পুলিশি তত্পরতা বাড়ানো হলে চোরেরা ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে পড়ে। জানা গেছে, অধিকাংশ চুরি যাওয়া গরুর মধ্যে রয়েছে গাভি গরু। অনেক কৃষক পরিবার রয়েছে, যারা দুধ বিক্রি করে সংসার চালায়। এ ছাড়া কৃষকেরা গরু দিয়ে জমিতে লাঙ্গল চাষ করে থাকেন। চোরেরা গোয়ালের এসব গরু চুরি করে জেলার বিভিন্ন হাটবাজারে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এভাবে গরু চুরি হওয়ায় কৃষকেরা সর্বস্বান্ত হতে বসেছেন। চুরির ভয়ে তাঁদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। দাশুড়িয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া গ্রামের কৃষক আব্দুল বারী ও তাঁর ভাই ওহাব জানান, গত নভেম্বর মাসে তাঁদের বাড়িতে অবস্থিত পাশাপাশি দুটি গোয়াল ঘর থেকে চোরেরা চারটি গরু চুরি করে নিয়ে যায়। আব্দুল বারী জানান, প্রতিটি গরুর দাম হবে গড়ে ২০ হাজার টাকা। একই মাসে ওই গ্রামের রওশন প্রামাণিকের গোয়াল থেকে তিনটি গরু চুরি করে নিয়েছে চোরেরা। একইভাবে ছলিমপুর ইউনিয়নেও গরু চুরির ঘটনা ঘটছে। পুলিশ জানায়, এই ইউনিয়নে গরু চুরির ঘটনা সবচেয়ে বেশি। গত ১৩ নভেম্বর গ্রামবাসী এই ইউনিয়নের মিরকামারী গ্রাম থেকে ১৬টি চোরাই গরু উদ্ধার করে। এ সময় কিছু গ্রামবাসী চোর সন্দেহে মিরকামারী গ্রামের ইয়াকুবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে কৃষকেরা একত্র হয়ে গরু চোরের বিরুদ্ধে বিক্ষোভ করেন।এদিকে এলাকায় গরু চুরি ঠেকাতে মিরকামারী গ্রামে একটি কমিটি গঠন করা হয়েছে। ছলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসকে প্রধান করে গত ২০ নভেম্বর এলাকায় গরু চোর প্রতিরোধ কমিটি গঠন করা হয়। লতিফ বিশ্বাস জানান, গরু চুরি ঠেকানোর জন্য পুলিশের তত্পরতা কমে যাওয়ায় গ্রামবাসী নিজেরাই এখন চোরদের প্রতিরোধ করার জন্য সংঘবদ্ধ হয়েছেন। তিনি জানান, গ্রামে পাহারা থাকা সত্ত্বেও গত সপ্তাহে তিনটি গরু চুরি হয়ে যায়। তাঁর ধারণা, চোরেরা খুবই সংঘবদ্ধ ও কৌশলী। ফলে তাদের সহজে শনাক্ত করা যাচ্ছে না। কৃষকেরা অভিযোগ করেন, গ্রামে গরু চুরি বৃদ্ধি পেলেও পুলিশের তত্পরতা বাড়েনি। তা ছাড়া থানায় অভিযোগ করে কোনো ফল হয় না জেনে ভুক্তভোগী কৃষকেরা আর গরু চুরির ঘটনায় থানায় কোনো মামলা করেন না।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, গরু চোর ধরতে গেলেও অনেক সময় স্থানীয় প্রভাবশালীরা চোরদের পক্ষে সুপারিশ করেন। ফলে কে আসল চোর তা বের করা মুশকিল হয়ে পড়েছে। থানা সূত্রে জানা যায়, গত দুই মাসে ঈশ্বরদী থানায় গরু চুরির চারটি মামলা হয়েছে।