ঈশ্বরদীর চার পুলিশ সদস্য প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্য ও মাদকসংক্রান্ত নানা অভিযোগে পাবনার ঈশ্বরদী থানার দুই পুলিশ কর্মকর্তা ও দুই কনস্টেবলকে গতকাল বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে।রাজশাহী ডিআইজি অফিস সূত্রে জানা যায়, ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) শেখ আজগার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন হোসেন ঈশ্বরদী থানায় যোগ দেওয়ার পর থেকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। এঁরা বিভিন্ন অভিযানকালে উদ্ধার করা মাদকের মালামাল থানায় জমা না দিয়ে গায়েব বা বিক্রি করে দিতেন। এসব বিষয়ে ঢাকায় পুলিশ সদর দপ্তরে এঁদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়।বিষয়টি তদন্ত করে রাজশাহীর ডিআইজির নির্দেশে এ দুজনকে ঈশ্বরদী থানা থেকে রাজশাহী পুলিশ লাইনে ফিরিয়ে আনা হয়। একই অভিযোগে ঈশ্বরদী থানার কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও ফজলুর রহমানকে প্রথমে রাজশাহী ও পরে তা বাতিল করে পাবনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি সিদ্দিকুর রহমান প্রথম আলোকে জানান, ঈশ্বরদী থানার এসআই ও এএসআই দুজনকে মাদকসংক্রান্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিক শাস্তিস্বরূপ রাজশাহীতে ফিরিয়ে আনা হয়েছে।