ঈশ্বরদীর বিএনপি নেতা অস্ত্রসহ গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির একাংশের সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে (৪০) একটি এলজি, দুটি গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শহরের শাপলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।জাকারিয়াকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনে হামলা ও গুলি চালানোর মামলা রয়েছে।তবে র্যাব জানিয়েছে, জাকারিয়ার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে। তাঁর বাড়ি ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী কাচারীপাড়ায়।বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ক্যাপ্টেন মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাকারিয়াকে গতকাল ভেড়ামারা থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান বলেন, অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে জাকারিয়াকে বিকেলে আদালতের মাধ্যমে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।ঈশ্বরদী থানার পুলিশ সূত্র জানায়, ১৯৯৪ সালে রেলপথে ট্রেনে উত্তরাঞ্চল সফরে বের হলে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈশ্বরদীতে যান। ওই সময় শেখ হাসিনার ট্রেনে হামলা ও গুলি চালানো হয় এবং ঈশ্বরদী স্টেশনে শেখ হাসিনার মঞ্চ ভাঙচুর করা হয়। ওই ঘটনায় করা মামলার আসামি জাকারিয়া। ২০০০ সালে ঈশ্বরদীর বাবুপাড়ায় খুন হন পৌর ছাত্রদলের আহ্বায়ক আমির সাকিব। গত বছর ঈশ্বরদী ফতেমোহাম্মদপুরে খুন হন যুবদলের কর্মী আজম। দুটি হত্যা মামলার প্রধান আসামি জাকারিয়া। এ ছাড়া তিনি যুবদলের কর্মী আপন ভাই রাজু হত্যা মামলারও আসামি। এই মামলায় পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছে।এ ছাড়া জাকারিয়া ঈশ্বরদীর কলেজছাত্রী চম্পা হত্যা মামলার আসামি ছিলেন। পরে সাক্ষ্য-প্রমাণের অভাবে তিনি সেই মামলায় খালাস পান।পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জাকারিয়া পিন্টু ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক। তিনি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন বলে শুনেছি। এর বেশি কিছু জানি না।’