ঈশ্বরের হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮২ সালে ফকল্যান্ড নিয়ে ইংল্যান্ড-আর্জেন্টিনা যুদ্ধের চার বছর পর মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় দুটি দেশ। যুদ্ধ যুদ্ধ একটা ভাব এই ম্যাচে তাই আগে থেকেই ছিল। এরপর এস্তাদিও অ্যাজটেকার ওই ম্যাচে ঘটে যায় একটি ঘটনা। যে ঘটনা এটিকে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের সবচেয়ে বিতর্কিত ম্যাচে পরিণত করে।ফকল্যান্ড যুদ্ধে হারের ‘প্রতিশোধ’ নেয় আর্জেন্টিনা, ২-১ গোলে হারায় ইংল্যান্ডকে। আর্জেন্টিনার দুটি গোলই করেন তাদের ছিয়াশির বিশ্বকাপ জয়ের নায়ক ডিয়েগো ম্যারাডোনা। দুটি ভিন্ন রকম গোল। প্রথমটি বিতর্কিত হ্যান্ডবল থেকে, ম্যারাডোনাই পরে যে গোলটিকে ঈশ্বরের দান বলেছেন, ‘হ্যান্ড অব গড’। তবে দ্বিতীয় গোলটি ছিল একক নৈপুণ্যের অনুপম এক নিদর্শন। ওই গোলটিই পরে পেয়েছে ‘শতাব্দীর সেরা গোলের’ মর্যাদা। ইংল্যান্ড ওই ম্যাচে হেরে গেলেও সেদিন ফুটবল বিশ্ব দেখেছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ। তবে দুর্দান্ত ওই প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়েও আজ পর্যন্ত ফুটবল বিশ্বে সেই ম্যাচের প্রধান আলোচ্য ম্যারাডোনার প্রথম গোল।ইংল্যান্ড-বাধা পেরিয়ে ম্যারাডোনার আর্জেন্টিনা পরে বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরেছে। আর দীর্ঘশ্বাসে বাতাস ভারী করে ইংল্যান্ড বারবার মনে করেছে দক্ষিণ আমেরিকা থেকে আসা এক ছোট্ট জাদুকরের প্রতারণা ও প্রতিভাকে।হেড করতে লাফিয়ে উঠে বল না পেয়ে হাত বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা কী করে হলো তৎক্ষণাৎ? ইংল্যান্ডের বিপক্ষে এভাবে করা প্রথম গোলটি নিয়ে ম্যারাডোনার কথা ছিল, ‘কিছুটা ম্যারাডোনার মাথা, আর বাকিটা ঈশ্বরের হাত।’ পরে দু দেশের যুদ্ধ-পরবর্তী সম্পর্কের টানাপোড়েনকে সামনে এনে ম্যারাডোনা পুরো বিষয়টি নিয়ে বলেছিলেন, ‘চোরের কাছ থেকে চুরি করলে তার কোনো শাস্তি নেই।’ম্যারাডোনার জবানিতেআমার মনে হচ্ছিল সবাই যেন শুধু ফকল্যান্ড নিয়ে কথা বলছে। কিন্তু আমরা তো কেবল একটা ফুটবল ম্যাচই খেলতে চেয়েছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো সমাধানে আপনি আসতে পারতেন না।হ্যাঁ, প্রথম গোলটি আমি হাত দিয়েই করেছি। এটা আমাকে স্বীকার করতেই হবে। তবে এটা বলে আমি ইংলিশ সমর্থকদের হেয় করছি না। আসলে এমনই হয়েছিল। আর্জেন্টিনায় এর আগে এভাবে আমি অনেক গোল করেছি। আমি বলের কাছে পৌঁছাতে পারিনি এবং গোলরক্ষক পিটার শিলটন ততক্ষণে বলের কাছে পৌঁছে গিয়েছিল। আমি তখনো মাথাটা সেখানে নিতে পারিনি। তাই হাত নিয়ে গিয়েছিলাম।বল জালে পৌঁছে গেল এবং দৌড়ে যেতে যেতে দেখলাম, আমি কী করেছি শিলটন সেটা বুঝতেই পারেনি। ডিফেন্ডার টেরি বুচার ব্যাপারটা তাকে বলেছিল এবং এরপরই অভিযোগ উঠল।যখন দেখলাম লাইন্সম্যান দৌড়ে মাঝরেখা বরাবর চলে গেছে, আমি ‘গোল’ ‘গোল’ বলে চিৎকার করতে শুরু করি। একবার চেয়ে দেখলাম রেফারি আমার দেওয়া টোপটি গিলেছে কিনা। দেখলাম, হ্যাঁ, সে গিলে ফিলেছে! এই হলো ঘটনা। আমি আমার সতীর্থদের আলিঙ্গনের জন্য অপেক্ষা করছিলাম এবং আমার সঙ্গে আলিঙ্গন করতে কেউ এল না। আমি তাদের ডেকে বললাম—এসো, আমাকে জড়িয়ে ধরো; এটা ঠিকভাবে করো যাতে গোলটা আমাদের দেওয়া হয়। ঈশ্বরকে ধন্যবাদ যে, তা-ই হয়েছিল!আমি মনে করি না এটা প্রতারণা, এটা আসলে চাতুর্য। হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করাটা কি প্রতারণা? ওহো, না-না-না। এটা প্রতারণা নয়, আসলে এটা একটা কৌশল। হয়তো আমাদের দক্ষিণ আমেরিকায় এটা ইউরোপের চেয়ে বেশি চলে। তবে এটা প্রতারণা নয়।আমি বলি ওটা ছিল ঈশ্বরের হাত। কারণ হাত তো আমাদের ঈশ্বরই দিয়েছেন। কারণ এটা ছিল কঠিন, যে দুজন লোকের দেখার কথা ছিল সেই লাইন্সম্যান ও রেফারি দেখতে পারেনি।তবে দ্বিতীয় গোলটি ছিল স্বপ্নের গোল। ফুটবলাররা সব সময়ই ইতিহাসের সেরা গোলটি করার স্বপ্ন দেখে। আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নটা মাথায় নিয়ে ঘুরি। সত্য হচ্ছে, ওই গোলটি করা আমার জন্য ছিল দারুণ এক ব্যাপার। গোলটা বিশ্বকাপে করেছি বলে এটা আরও অসাধারণ।বিস্ময়কর এক ম্যাচ ছিল এটি এবং এই ম্যাচটির কথা উঠলে মানুষ আমাকে নিয়েই কথা বলবে। আমি যদি ওই গোলটির জন্য গিয়ে ক্ষমা চাইতাম এবং ইতিহাসটা (প্রথম গোলটার) বদলে দিতে চাইতাম, তাহলে তা করতে পারতাম। কিন্তু এই গোলটি এখনো গোলই। আর্জেন্টিনাও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং আমিও বিশ্বের সেরা খেলোয়াড় হয়েছি।