উ. কোরিয়া থেকে সংবাদ সংগ্রহ করে বিতর্কে বিবিসি
উত্তর কোরিয়া থেকে সংবাদ সংগ্রহের জন্য শিক্ষার্থী ছদ্মবেশে সাংবাদিক পাঠিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছে বিবিসি। ব্রিটেনের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় লন্ডন স্কুল অব ইকোনমিক্স (এলএসই) আজ রোববার বিবিসির আচরণের তীব্র নিন্দা করেছে। এলএসই বলছে, কমিউনিস্ট রাষ্ট্রটি থেকে গোপনে সংবাদ সংগ্রহের জন্য বিবিসি একদল শিক্ষার্থীর সঙ্গে সাংবাদিকের একটি দলকে পাঠিয়ে শিক্ষার্থীদের হুমকির মুখে ঠেলে দিয়েছে। দ্য গার্ডিয়ানের খবরে আজ রোববার বলা হয়েছে, তিন সদস্যের সাংবাদিক দলটির কমপক্ষে একজন নিজেকে শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে। ওই দলটির ধারণ করা বিষয়গুলো আসছে সোমবারের বিবিসির একটি অনুষ্ঠানে প্রচার করার কথা রয়েছে।বিশ্ববিদ্যালয়টির দাবি, বিবিসিকে ওই অনুষ্ঠানটি সম্প্রচার না করার অনুরোধ করা হলেও সংবাদ সংস্থাটি তা উপেক্ষা করেছে।বিবিসির হয়ে এলএসইর স্নাতকোত্তর শিক্ষার্থী জন সুইনি ওই সফরে সংবাদ সংগ্রহের কাজ করেছেন। তিনি আজ বার্তা সংস্থা এপিকে এক সাক্ষাত্কারে বলেছেন, বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ করার যে চেষ্টা করছে, তা ‘পুরোপুরি অন্যায়’।তবে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য হলো, বিবিসি যে সফরকারী শিক্ষার্থী দলটিতে এক প্রতিবেদককে জুড়ে দিয়েছে, তা বিশ্ববিদ্যালয়কে আগে জানানো হয়নি, এমনকি সংবাদ সংগ্রহের পরিকল্পনাও অবগত করেনি।