উ. কোরিয়াকে ঠেকাতে ক্ষেপণাস্ত্রব্যবস্থা জোরদার করা হবে: হেগেল (ভিডিও)
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, উত্তর কোরিয়ার ‘দায়িত্বহীন ও বেপরোয়া উসকানি’ প্রতিহত করতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার করা হবে। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এ-সংক্রান্ত একটি পরিকল্পনা উপস্থাপন করেন। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। হেগেল জানান, আলাস্কায় নতুন করে আরও ১৪টি ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রতিরোধক অস্ত্র স্থাপন করবে পেন্টাগন। আলাস্কায় বর্তমানে ৩০টি ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র রয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জাপানে দ্বিতীয়বারের মতো আরেকটি ক্ষেপণাস্ত্র-বিরোধী রাডার কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী আরও বেশ কিছু প্রতিরোধক স্থাপন করবে পেন্টাগন। এ পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার খরচ হবে। তবে হেগেলের এই পরিকল্পনা কার্যকর করার জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে।চাক হেগেল বলেন, ‘এ উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের দেশের প্রতিরক্ষা জোরদার করব। এর মাধ্যমে আমাদের মিত্র ও সহযোগীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করব এবং বিশ্ববাসীকে জানিয়ে দেব যে, যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর।’গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালানোর হুমকি দেয় উত্তর কোরিয়া। এর জবাবে গতকাল এ ঘোষণা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।