উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হবে বিরাট ভুল
মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ উত্তর কোরিয়ার জন্য একটি বিরাট ভুল হবে। বিচ্ছিন্ন কোনো দেশকে পারমাণবিক শক্তি হিসেবে মেনে নেবে না যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এ কথা বলে হুঁশিয়ার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আজ শনিবার রয়টার্স ও বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।এশিয়া সফরের শুরুতে সিউলে যান জন কেরি। সেখানে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউয়েন হাই ও দেশটিতে অবস্থানরত মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন কেরি। কেরি বলেন, এ ধরনের ভুলের মাশুল হিসেবে উত্তর কোরিয়া ও তার জনগণ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দেশটির মানুষ হন্যে হয়ে খাবার খুঁজছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নয়।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর কোরিয়াকে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে একমাত্র বিরত রাখতে পারে তার প্রধান মিত্র চীন। তিনি বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি রোধে আবারও দেশটির সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র।দক্ষিণ কোরিয়া সফর শেষে আজ শনিবার চীন গেছেন কেরি। এ সফরে উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরতে চীনের প্রতি আহ্বান জানাবেন তিনি।গতকাল দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে কেরি চীনের উদ্দেশে বলেন, ‘যদি আমাদের মতো আপনারাও উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রকরণ দেখতে চান, তাহলে এ বিষয়ে মধ্যস্থতা করুন।’চীন সফর শেষে কাল রোববার জাপান যাওয়ার কথার জন কেরির।