উ. কোরিয়া পারমাণবিক ‘পবিত্র যুদ্ধের’ হুমকি দিচ্ছে
উত্তর কোরিয়া জানিয়েছে, আগামীকাল রোববার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে দেশটি এর বিরুদ্ধে ‘পারমাণবিক প্রতিরোধক’ ব্যবহার করবে।প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ‘উসকানির জবাবে’ একটি ‘পবিত্র যুদ্ধ’ শুরু করার জন্য পিয়ংইয়ং প্রস্তুত।অন্যদিকে ওয়াশিংটন ও সিউল বলছে, এ মহড়ার লক্ষ্য হচ্ছে উত্তর কোরিয়ার আগ্রাসনকে নিরুত্সাহিত করা। গত মার্চে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার পর থেকে দুই কোরিয়ার মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। একটি আন্তর্জাতিক অনুসন্ধানের প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার একটি টর্পেডোর আঘাতে জাহাজটি নিমজ্জিত হয়। কিন্তু পিয়ংইয়ং তদন্তে প্রাপ্ত এই তথ্য অস্বীকার করে।কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন বলেছে, ‘যুদ্ধের এই মহড়া সরাসরি উসকানি দেওয়া ছাড়া আর কিছুই নয়, যার লক্ষ্য হচ্ছে অস্ত্রশক্তি প্রয়োগ করে গণপ্রজাতন্ত্রিক কোরিয়ার শ্বাস রোধ করা।’কমিশন আরও বলেছে, ‘মার্কিন সাম্রাজ্যবাদীদের ও তাদের দক্ষিণ কোরিয়ান পুতুল শক্তিগুলো যখন ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তখন উত্তর কোরিয়ার সেনাবাহিনী ও জনগণ এই উসকানির জবাবে যেকোনো সময় তাদের নিজস্ব কায়দায় পারমাণবিক প্রতিরোধক-ভিত্তিক পবিত্র যুদ্ধ শুরু করবে।’এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ‘বাগযুদ্ধের’ ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিজে ক্রাউলি বলেন, যুক্তরাষ্ট্র চায় পিয়ংইয়ং আরও বেশি গঠনমূলক পদক্ষেপ নেবে এবং আরও কম উসকানিমূলক বক্তব্য দেবে।রোববারে যুদ্ধের যে মহড়া শুরু হবে তাতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন, আরও ২০টি জাহাজ ও ডুবোজাহাজ, ১০০টি বিমান এবং আট হাজার সামরিক বাহিনীর সদস্য অংশ নেবে।চীন এ পরিকল্পনার সমালোচনা করে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়েছে।অন্যদিকে জাপান চারজন সামরিক পর্যবেক্ষক পাঠাচ্ছে, যা থেকে মনে হয় এই মহড়ার প্রতি তার সমর্থন রয়েছে।—বিবিসি অনলাইন