উ. কোরিয়াকে শান্তির পথে আসতে হিলারির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উত্তর কোরিয়াকে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। দেশটির নেতা কিম জং-ইলের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর এক বিবৃতিতে হিলারি এ আহ্বান জানিয়েছেন বলে বিবিসি অনলাইনে বলা হয়েছে। গত শনিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে গতকাল সোমবার ঘোষণা করা হয়। এরপরই যুক্তরাষ্ট্র এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এ অঞ্চলে তাঁদের মিত্রদের রক্ষায় তাঁর প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। হিলারি তাঁর বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়ার জনগণকে সহায়তা এবং কোরিয়া উপদ্বীপে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। হিলারি বলেন, ‘এটা আমাদের প্রত্যাশা যে উত্তর কোরিয়ার নতুন নেতা তাঁর দেশকে শান্তির পথে নিয়ে যাওয়ার পন্থাকেই বেছে নেবেন।’কিম জং-ইল তাঁর তৃতীয় ছেলে কিম জং-উনকে উত্তরসূরি নির্বাচন করে গেছেন। কিন্তু তরুণ এ নেতার নেতৃত্ব নিয়ে অনেকের মনেই সন্দেহ আছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেছে, কিম জং-ইলের মৃত্যুর পর ওই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে।