উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াল জাপান
উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে জাপান। আন্তর্জাতিক সমালোচনার পরও দেশটি রকেট উৎক্ষেপণের সিদ্ধান্তে অটল থাকায় জাপান আজ মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয়। রয়টার্স এ খবর জানিয়েছে। ২০০৬ সালে উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে পরমাণু বোমা ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এর পর থেকেই দেশটির ওপর এক বছর করে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়ে যাচ্ছে জাপান। জাপানের মন্ত্রিসভার প্রধান সেক্রেটারি ওসামু ফুজিমুরা সাংবাদিকদের বলেন, ‘আমরা আরও এক বছরের জন্য জাপানের বন্দরগুলোতে উত্তর কোরিয়ার সব ধরনের জাহাজ প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। একই সঙ্গে ওই সময় পর্যন্ত দেশটির সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানিও বন্ধ থাকবে।’উত্তর কোরিয়া বরাবরই বলে আসছে, তারা কক্ষপথে স্যাটেলাইট পাঠাতেই রকেট উৎক্ষেপণ করবে। তবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ প্রতিবেশী দেশগুলো বলছে, রকেট উৎক্ষেপণের অজুহাতে দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।