উ. কোরিয়ার ধমকের জবাবে মার্কিন প্রস্তুতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার হামলার লাগাতার হুমকির মুখে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে শুরু করেছে। এজন্য পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের অধিকৃত ভূমি গুয়ামে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে দেশটির কেন্দ্রীয় সরকার কয়েক দিনের মধ্যে প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।উত্তর কোরিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত গুয়ামের দূরত্ব প্রায় তিন হাজার ৪৩৬ কিলোমিটার। এ দ্বীপটি ফিলিপাইনের দুই হাজার ৪৯৫ কিলোমিটার পূর্বে।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল গতকাল বুধবার বলেছেন, পিয়ংইয়ংয়ের হুমকির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক সমন্বিত কার্যক্রম শুরু করেছে। ওয়াশিংটনের ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে হেগেল বলেন, ‘গত কয়েক সপ্তাহে তারা (উত্তর কোরিয়া) যেসব কাজ করেছে, তার কয়েকটি সত্যিই গুরুতর ও স্পষ্টতই বিপজ্জনক।’এর কয়েক ঘণ্টা পর দক্ষিণ কোরিয়ার ওনাপ সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে মাঝারি পাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আঘাত হানার জন্য, নাকি কেবল সামরিক প্রশিক্ষণের জন্য ওই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।যৌথ শিল্প এলাকায় উত্তর কোরিয়া আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো দক্ষিণ কোরিয়ার শ্রমিকদের ঢুকতে বাধা দিয়েছে। পিয়ংইয়ং বলছে, যদি সিউল হুমকি-ধমকি বন্ধ না করে, তাহলে দক্ষিণ কোরিয়ার শ্রমিকদের আর কখনোই ওই কারখানা এলাকায় ঢুকতে দেওয়া হবে না। সিঙ্গাপুরে রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ডের কৌশলবিদ রব রায়ান বলেন, ‘মনে হচ্ছে, এগুলো বড়সড় তর্জন-গর্জন ... কিন্তু এখান থেকে মনে হচ্ছে, সত্যিকারের গোলাগুলি শুরু না হলে এর চেয়ে খারাপ পরিস্থিতি আর কিছু হতে পারে না।’উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ছে বিশ্বের শেয়ারবাজারে। জাপান ছাড়া এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারের দাম দশমিক ৬ শতাংশ কমেছে। দক্ষিণ কোরীয় শেয়ারের দাম কমেছে ২ শতাংশ। মার্কিন ডলারের বিপরীতে দক্ষিণ কোরীয় ডলারের দরপতন হয়েছে দশমিক ৭ শতাংশ। বুধবার হেগেলের মন্তব্য ও আজ গুয়ামে প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন শুরু হয়েছে। উত্তর কোরিয়ার এক সেনা কর্মকর্তা দেশটির কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে (কেসিএনএ) বলেছেন, উত্তর কোরিয়া যে যুক্তরাষ্ট্রের ওপর হামলা করতে পারে, তা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। তবে, দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের অনুপস্থিতি সত্ত্বেও কীভাবে তা জানানো হয়েছে, তা জানান যায়নি।বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যে হারে উন্নত হচ্ছে, তাতে হয়তো আসছে কয়েক বছরের মধ্যে দেশটি যুক্তরাষ্ট্রের যেকোনো শহরে পারমাণবিক হামলা চালাতে সক্ষম হবে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের গুয়ামের মতো কিছু স্থানে আঘাত হানার হুমকি দিয়ে আসছে।