উ. কোরিয়ার পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে মাঝারি পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তা লুকিয়ে রেখেছে। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ দাবি করা হয়।বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবর সত্য হলে এই ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরে জাপান ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হতে পারে। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরের বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।এদিকে পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র তার নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েন করছে। কোরিয়া উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়া তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সম্প্রতি কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া এবং ফেব্রুয়ারিতে পরমাণু পরীক্ষা চালানোর কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নতুন অবরোধ আরোপে ক্ষুব্ধ হয়ে উঠেছে পিয়ংইয়ং। এর পরিপ্রেক্ষিতে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া। প্রায় এক মাস ধরে কোরিয়া উপদ্বীপে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। উত্তর কোরিয়া দাবি করেছে, অঞ্চলটিতে যেকোনো সময় পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।তবে বিশ্লেষকেরা বলছেন, উভয় পক্ষ থেকে উসকানিমূলক ও বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তা বলা হলেও তাঁরা উত্তর কোরিয়ার তরফে হঠাত্ করেই কোনো পরমাণু হামলার আশঙ্কা করছেন না। এদিকে, দুই দেশের মধ্যে চলমান সংকটের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে। বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন, এ প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে।