উ. কোরিয়ার সম্ভাব্য মিসাইল পরীক্ষার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ‘ওই অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে এমন কর্মকাণ্ড’ থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ার করে দিয়েছে। এই হুঁশিয়ারি এমন একসময়ে জানানো হলো যখন পিয়ংইয়ং নতুন বেশ কয়েকটি মিসাইল পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, তারা এ ব্যাপারে অবহিত আছে যে উত্তর কোরিয়া তার পশ্চিম উপকূলে জাহাজ চলাচলের ওপর নয় দিনের জন্য এক নিষেধাজ্ঞা জারি করেছে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, অতীতে মিসাইল পরীক্ষার আগে এ ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করা হতো।এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, নিষেধাজ্ঞাটি উত্তর কোরিয়ার নিয়মিত গোলন্দাজি অনুশীলনের সঙ্গেও সম্পর্কিত হতে পারে। কিন্তু সিউল এটাও জানায় যে পিয়ংইয়ং স্বল্পপাল্লার মিসাইল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে—এ সম্ভাবনাও খতিয়ে দেখছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেন, ‘উত্তর কোরিয়া আরেক রাউন্ড মিসাইল পরীক্ষা চালায়—এটা আমরা কোনোভাবেই দেখতে চাই না।’২০১০ সালের জানুয়ারি মাসে উত্তর কোরিয়া তার পশ্চিম উপকূলে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে গোলন্দাজি অনুশীলন চালায়। আবার তার আগের বছরের মে মাসে মিসাইল উৎক্ষেপণ ও একটি পরমাণু পরীক্ষা চালানোর আগেও অনুরূপ নিষেধাজ্ঞা আরোপ করে।—বিবিসি অনলাইন