উ.কোরিয়া-যুক্তরাষ্ট্রের চুক্তিকে স্বাগত জানাল এশিয়া
উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও চীন। উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণের ক্ষেত্রে ওই চুক্তি বড় ধরনের পদক্ষেপ বলে দাবি করেছেন তাঁরা।রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুই লাখ ৪০ হাজার টন খাদ্যসহায়তা পাওয়ার জন্য উত্তর কোরিয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করার চুক্তিতে রাজি হয়েছে। তা ছাড়া তারা তাদের পরমাণু স্থাপনায় জাতিসংঘের পর্যবেক্ষকদের ঢোকারও অনুমতি দিতে সম্মত হয়েছে।জাপানের পররাষ্ট্রমন্ত্রী কইচিরো জেমবা ওই বলেন, উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি ছয় জাতির আলোচনার পথ সুগম করবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে ওই চুক্তি ছয় জাতির আলোচনার জন্য পারিপার্শ্বিক অবস্থার উন্নতি ঘটাচ্ছে বলে জানান তিনি।এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র চীনও উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের চুক্তিকে স্বাগত জানিয়েছে। এটা উত্তর কোরিয়ার বিচক্ষণ একটা সিদ্ধান্ত বলে বেইজিংয়ের মানুষ মনে করছে। বেইজিংয়ের ৬২ বছর বয়সী এক অধিবাসী তাঁর অভিমত প্রকাশ করতে গিয়ে জানান, উত্তর কোরিয়ার এখন অর্থনৈতিক উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া উচিত। আর এ জন্য তাদের বৈদেশিক সহযোগিতা একান্ত প্রয়োজন। পারমাণবিক কর্মসূচি বাদ দেওয়ার চুক্তি উত্তর কোরিয়ার উপযুক্ত একটা সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।উত্তর কোরিয়ার চুক্তি নিয়ে দক্ষিণ কোরীয়রা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকেই উত্তর কোরিয়াকে বিশ্বাস করতে পারছেন না। আবার অনেকে ওই চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন।দক্ষিণ কোরিয়ার ৫৫ বছর বয়সী লি জে দিওক বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত খুবই আশাব্যঞ্জক। উত্তর কোরিয়ার অধিকাংশ মানুষ এখন ঠিকমতো খেতে পাচ্ছে না। ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র খাদ্য দেওয়ার কথা বলেছে, যা উত্তর কোরিয়ার মানুষের জন্য আশার বাণী বলে জানান দিওক।